০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হলেন দুই ছাত্রলীগ নেতা

সাইদি ও শিহাব পরীক্ষা দিতে এলে কয়েকজন শিক্ষার্থী তাদের দেখে ইনস্টিটিউটের পরিচালককে জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 07:45 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা।

তাদের মধ্যে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী হাসান সাইদি ছাত্রলীগের হল শাখার পদপ্রত্যাশী ছিলেন। আর নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী শিহাব উদ্দিন তৈমুর ছাত্রলীগের ঢাবি শাখার উপ-দপ্তর সম্পাদক। 

তারা দুজনই বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, সাইদি ও শিহাব পরীক্ষা দিতে এলে কয়েকজন শিক্ষার্থী তাদের দেখে ইনস্টিটিউটের পরিচালককে জানান। পরে তাদের পরীক্ষার কক্ষ থেকে সরিয়ে আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে প্রক্টরিয়াল টিমের সদস্য ও পুলিশ আসে এবং দুজনকে শাহবাগ থানায় নিয়ে যায়। 

ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, “গত দুদিন ধরে আমাদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হচ্ছে। তারা যখন পরীক্ষা দিতে আসে, তখন কয়েকজন তাদের দেখে ফেলে। পরে কয়েকজন গিয়ে পরিচালকের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা বিবেচনায় তাদের আলাদা রুমে নিয়ে রাখেন।” 

বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “শিক্ষার্থীরা তাদের আটক করার পর পুলিশ ও প্রক্টরিয়াল টিম সেখানে যায় এবং তাদেরকে শাহবাগ থানায় দেওয়া হয়। তাদের নামে মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”