এলপিজির দাম বাড়ল টানা তিন মাস
“সৌদি আরামকোর সিপি মূল্য বৃদ্ধি ও ডলারের মূল্য বৃদ্ধি নতুন করে এই মূল্য বৃদ্ধির কারণ।”
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম আবার বাড়ানো হলো। এ নিয়ে টানা তিন মাস বাড়াল দাম।
অক্টোবরের জন্য দাম ৬ দশমিক ১৬ শতাংশ হারে কেজিতে বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা। এর আগে অগাস্টে ১৪ শতাংশ এবং সেপ্টেম্বরে দাম বাড়ে ১২ শতাংশ।
সোমবার সংবাদ সম্মেলন করে অক্টোবরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিন। জানান, সন্ধ্যা ৬টা থেকে এলপিজির নতুন এই দর কার্যকর হবে।
কমিশনের চেয়ারম্যান বলেন, “সৌদি আরামকোর সিপি মূল্য বৃদ্ধি ও ডলারের মূল্য বৃদ্ধি নতুন করে এই মূল্য বৃদ্ধির কারণ।”
১২ কেজি সিলিন্ডারের মূল্য জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা, অগাস্টে তা বেড়ে হয় ১ হাজার ১৪০ টাকা, সেপ্টেম্বরে হয় ১ হাজার ২৮৪ টাকা। অক্টোবরে আরও ৭৯ টাকা বেড়ে ১২ কেজির সিলেন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ টাকা।
এই মাসে প্রতি কেজি এলপিজির দাম ১১৩ টাকা ৬১ পয়সা ধরে সাড়ে পাঁচ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি ও অন্যান্য আকারের সিলিন্ডারের দাম ঠিক করা হবে।
আন্তর্জাতিক বাজারে উঠানামার ওপর ভিত্তি করে প্রতি মাসের জন্য এলপিজির আলাদা দাম ঘোষণা হয়। তবে বেসরকারি কোম্পানিগুলো কখনও এই দামে বাজারে পণ্য ছাড়ে না।
ঘোষিত দামের অতিরিক্ত দুইশ বা তার চেয়ে বেশি টাকায় সিলিন্ডার কিনতে বাধ্য হয় ক্রেতারা। এ বিষয়ে সরকার কখনও কার্যকর পদক্ষেপ নেয়নি।
২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো।
এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
অক্টোবরের জন্য এলপিজির দাম ঘোষণার আয়োজনে জানানো হয়, এই মাসে সৌদি আরামকো ঘোষিত মূল্য অনুযায়ী এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতিটন ৬০৯ দশমিক ৭৫ ডলার। আগের মাসে দাম কিছুটা কম ছিল।
গত মাসে ডলারের দাম ছিল ১১২ টাকা ৯১ পয়সা যা অক্টোবরের জন্য ১১৩ টাকা ০৮ পয়সা ধরা হয়েছে।
অক্টোবরে প্রতিলিটার অটোগ্যাসের দাম ৬২ টাকা ৫৪ পয়সা এবং রেটিকুলেটেড এলপিজির দাম প্রতিকেজি ১০৯ টাকা ৭৯ পয়সা ঠিক করা হয়েছে।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
