ফ্রেশ স্টেশনারির উদ্যোগে হাতে লেখা বইয়ের মেলা
মেলার উদ্বোধনী পর্বে ‘ফ্রেশ স্পার্ক’ নামে নতুন একটি কলমের মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্বে প্রথম বহুভাষিক হাতে লেখা বই মেলার আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ (এমজিআই) এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ভাষাগত বৈচিত্র্য এবং শৈল্পিক অভিব্যক্তির এক যুগান্তকারী উদযাপনে এই বই মেলার আয়োজন করা হয়।
এই মেলা বাংলাদেশের বই প্রেমী মানুষদের মুগ্ধ করার পাশাপাশি সাহিত্য চর্চায় ভিন্ন এক মাত্রা যোগ করেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিন্নধর্মী এই বইমেলার উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী হাতে লেখা সাহিত্যের প্রচার ও প্রসার। বহুভাষিক হাতে লেখা গল্প সংকলনের এই উদ্যোগে ফ্রেশ স্টেশনারি বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে পেয়েছে অভূতপূর্ব সাড়া। যার ধারাবাহিকতায় বাছাইকৃত সেরা গল্পগুলো নিয়ে আয়োজন করা হয় হাতে লেখা গল্পের এই বইমেলা।
শুক্রবার রাজধানীর গুলশান-২ এর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে আয়োজিত এই বই মেলায় সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে আসতে দেখা গেছে বই প্রেমীদের।
ছয়টি ভিন্ন ঘরানার বইয়ের স্টল, ওপেন মাইক সেশন, সেমিনার, গেমস, ফুড কর্ণারসহ বিভিন্ন আয়োজনে মেলাটি যেন হয়ে ওঠে বইপ্রেমী মানুষদের প্রাণের মিলনমেলা।
মেলার উদ্বোধনী পর্বে ‘ফ্রেশ স্পার্ক’ নামে নতুন একটি কলমের মোড়ক উন্মোচন করা হয়।
এসময় এমজিআইর পরিচালক তাসনিম মোস্তফা, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন ও জিএম (সেলস, হাইজিন অ্যান্ড স্টেশনারি) মো. ইয়াছিন মোল্লাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সাহিত্য চর্চার প্রসার ও বিকাশে অদূর ভবিষ্যতেও এই ধরনের ভিন্নধর্মী আয়োজন অব্যাহত থাকবে।
