২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার পেলেন নগদ’র সিবিও

সম্মেলনে ১৬টি ক্যাটাগরিতে ১৬ শীর্ষ কর্মকর্তাকে সম্মাননা দেয় ব্র্যান্ড ফোরাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 11:10 PM

Updated : 07 Nov 2022, 11:10 PM

করপোরেট খাতে ‘অসামান্য অবদানের’ জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন নগদ এর প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিবিও) শেখ আমিনুর রহমান।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’ এ তাকে এ সম্মাননা দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।

সম্প্রতি ঢাকায় ব্র্যান্ড ফোরামের ষষ্ঠ আসর লিডারশিপ সামিট ২০২২ এ পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সি স্যুট অ্যাওয়ার্ডস সম্মেলনে ১৬টি ক্যাটাগরিতে ১৬ জন শীর্ষ কর্মকর্তাকে এ সম্মাননা দেয় ব্র্যান্ড ফোরাম।

নগদ জানায়, শেখ আমিনুর রহমান তার সামান্য নেতৃত্বের গুণাবলীর জন্য এবারের ‘বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন পেয়েছেন।

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ এর দৈনিক হাজার কোটি টাকার লেনদেন, ছয় কোটিরও বেশি গ্রাহক তৈরি ও ব্যবসায় প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছেন তিনি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা শেখ আমিনুর রহমান। যেখানে তিনি বাজার ধারণা তৈরি, আইটি, টেলিকম, ফার্মা ও ব্যাংকিংসহ অনেক নেতাদের একত্রীকরণে কাজ করে যাচ্ছেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় শেখ আমিনুর বলেন, “আমি এই পুরস্কার পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। আমি এখনও আমার কাজের মাধ্যমে আমার বিভিন্ন পর্যায়ের সহকর্মীর কাছ থেকে বিভিন্ন বিষয় শিখছি। এ ধরনের পুরস্কার সামগ্রিক এই চেষ্টাগুলোকে বেগবান করবে বলে বিশ্বাস করি।”

এর আগে ‘মানি ২.০: আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’, এলএফবি লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড, টেলিনর টপ টেলেন্টসহ বিভিন্ন ‍পুরস্কার পেয়েছেন তিনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।