২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেল প্রাণ-আরএফএলের দুই কোম্পানি

বাণিজ্য মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ পুরস্কার দিয়েছে।

সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেল প্রাণ-আরএফএলের দুই কোম্পানি

আরএফএল প্লাস্টিকসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেড অব মার্কেটিং শফিক শাহীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 05:23 PM

Updated : 22 Feb 2024, 07:41 PM

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ এগ্রো লিমিটেড ও আরএফএল প্লাস্টিকস লিমিটেড।

মঙ্গলবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ পুরস্কার তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাণ-আরএফএল জানিয়েছে, প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরি-বি’তে দ্বিতীয় পুরস্কার পেয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড, আর প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে প্রাণ এগ্রো লিমিটেড।

প্রাণ এগ্রোর পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেড অব মার্কেটিং তোষন পাল এবং আরএফএল প্লাস্টিকসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেড অব মার্কেটিং শফিক শাহীন।

Image

প্রাণ এগ্রোর পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেড অব মার্কেটিং তোষন পাল

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “প্রাণ-আরএফএল সবসময় গ্রাহকদের চাহিদাকে বিবেচনায় নিয়ে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। আমাদের পণ্য প্রদর্শনীর একটি বড় প্লাটফর্ম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

“সে কারণে আমরা আমাদের পণ্য সামগ্রী নিয়ে বড় পরিসরে অংশগ্রহণ করে থাকি। এবারের মেলায় আমরা প্রত্যাশার চেয়ে অনেক ভালো সাড়া পেয়েছি।”

আকর্ষণীয় প্যাভিলিয়ন, সেবার মাধ্যমে গ্রাহকদের প্রশংসা অর্জন এবং মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ পুরস্কার দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।