নগদ ইসলামিক- এ জাকাত দেওয়ার সুবিধা
গ্রাহকরা তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত দিতে পারবেন।
বিভিন্ন দাতব্য সংস্থায় সাহায্যে জাকাত দেওয়ার সুবিধা যুক্ত করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ ইসলামিক।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, নগদ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা তাদের বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে জাকাতের পরিমাণ সহজেই হিসাব করতে পারবেন।
এরপর অ্যাপের ডোনেশন অপশনে তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত দিতে পারবেন গ্রাহকরা।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ– জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস রয়েছে।
এর বাইরে সারা বছর আরও কয়েকটি প্রতিষ্ঠানে অনুদান বা ডোনেশন প্রদান করতে পারবেন।
এর মধ্যে রয়েছে- জাগো ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন, চাইল্ড ফাউন্ডেশন, আমার বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, মিশন সেইভ বিডি, অ্যাম্বাসি অব দ্য স্টেট অব প্যালেস্টাইন ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন।
এ বিষয়ে ‘নগদ’- এর নির্বাহী পরিচালক ও নগদ ইসলামিক- এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য আমিনুল হক বলেন, “আমরা লক্ষ্য করি অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে জাকাত ও আর্থিক অনুদান প্রদান করতে পারে না। দাতা, বিতরণকারী ও উপকারভোগীদের এই সমস্যার সমাধান করতে আমাদের এমন উদ্যোগ সকল পক্ষকে এক করেছে।”
মুসলিম জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে ২০১৯ সালে চালু হয় ‘নগদ ইসলামিক’; এর মাধ্যমে সুদবিহীন সঞ্চয়, হজ ও ওমরাহর যাতায়াত ও ইসলামিক জীবন বীমার পেমেন্ট, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ যাবতীয় সেবার সুবিধা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
