১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক

বৈঠকে নগদ ইসলামিকের সার্বিক পরিচালন নীতি পর্যালোচনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 10:18 PM

Updated : 19 Oct 2026, 10:18 PM

মোবাইল আর্থিক সেবা নগদের ইসলামিক সেবার কার্যক্রম শরিয়াহর নীতিমালা অনুযায়ী পরিচালনা ও তদারকির লক্ষ্যে পুনর্গঠিত শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের প্রথম বৈঠক হয়েছে।

এ কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরের প্রথম দিন পুনর্গঠিত বোর্ডের প্রথম বৈঠক হয় গত ১৫ অক্টোবর।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ। বোর্ডের অন্য দুই ফকিহ সদস্য হলেন মুফতি লুকমান হাসান ও আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার। বৈঠকে তারা নগদ ইসলামিকের সার্বিক পরিচালন নীতি পর্যালোচনা করেন।

বৈঠকে সভাপতির বক্তব্যে মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “নগদ ইসলামিক গ্রাহকদের জন্য পুরোপুরি শরিয়াহভিত্তিক ও সুদমুক্ত লেনদেন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সেবার প্রতিটি কার্যক্রম যেন শতভাগ ইসলামি শরিয়াহর নীতিমালা মেনে পরিচালিত হয়, সে লক্ষ্যে শরিয়াহ সুপারভাইজরি বোর্ড নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা বজায় রাখবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নগদ ইসলামিকের বিদ্যমান আমানত ও লেনদেনের বিভিন্ন পদ্ধতি শরিয়াহর আলোকে পরিচালিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নতুন ইসলামি আর্থিক সেবা চালুর বিষয়েও আলোচনা হয়।

নগদ বলছে, যেসব গ্রাহক ইসলামিক সেবা নিতে ইচ্ছুক, তারা সহজেই তাদের সাধারণ নগদ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন।

এ জন্য তাদের নগদ অ্যাপের ‘আমার নগদ’ অপশনে গিয়ে ‘অ্যাকাউন্টের ধরন’-এ ক্লিক করতে হবে; তাহলেই চলমান অ্যাপটি ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে।

নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাদের যাকাত ও সব দান-সদকা দিতে পারছেন। এ ছাড়া খুব সহজেই হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়।

এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বীমার পেমেন্ট করতে পারছেন। পাশাপাশি দৈনন্দিন জরুরি মাসআলা, হাদিস, নামাজের সময়সূচি এবং যাকাত ক্যালকুলেটরের মত সুবিধাগুলোও রয়েছে।