বৃষ্টিতে কাঁচাবাজারের ‘উত্তাপ’ বাড়ল আরও
টানা দুদিন বৃষ্টির কারণে সবজির যোগান কম হওয়ায় দাম বেড়েছে। পাবনা ও রাজবাড়ীসহ পেঁয়াজ সরবরাহের উৎস থেকে পণ্য আসছে কম।
মৌসুম শেষে গ্রীষ্মকালীন সবজির বাড়ন্ত দর আরও বাড়িয়ে দিল টানা কয়েক দিনের বৃষ্টি। সেই সঙ্গে বাড়ল আলোচনায় থাকা পেঁয়াজ আর কাঁচা মরিচ।
সরকার যে তিনটি পণ্যের দাম বেঁধে দিয়েছে, তার মধ্যে আলু ও ডিমের দাম সুপার শপগুলোতে নির্ধারিত সীমায় নামলেও বাজারে তার প্রভাব নেই। তবে পেঁয়াজের বেঁধে দেওয়া দরের ধারেকাছেও দেখছেন না ক্রেতারা।
খুচরা বাজারে পেঁয়াজ ও বেগুনের কেজি ছাড়িয়েছে একশ টাকার সীমা। কাঁচা মরিচের কেজি ছাড়িয়েছে আড়াইশ টাকা।
আগাম সীম বাজারে এলেও সিংহভাগেরই হাতে ‘হাত দেওয়া মানা’। কিছুটা কমলেও বিক্রেতারা দাম চাইছেন ২০০ টাকা কেজি। কদিন আগেও দেড়শ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ কেউ কেউ চাইছেন ২৮০ টাকা পর্যন্ত।
রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের কয়েকটি কাঁচাবাজার বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, টানা দুদিন বৃষ্টির কারণে সবজির যোগান কম হওয়ায় দাম বেড়েছে। পাবনা ও রাজবাড়ীসহ পেঁয়াজ সরবরাহের উৎস থেকে পণ্য আসছে কম।
মিরপুর সিটি করপোরেশন শাহ আলী কাঁচাবাজার দেশি পেঁয়াজ ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ মানভেদে ৭০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন ১০০ আর তাল বেগুন ১২০ টাকা, আলু ৫০ টাকা, কাকরোল ৮০, শসা ৮০, ঝিঙ্গা ৭০, বরবটি ৭০, পটল ৬০, চিচিঙ্গা ৬০ আর সীম ২০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
বিক্রেতা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিন চারদিনে পাইকারি পর্যায়ে প্রায় সব ধরনের সবজি পাল্লায় (৫ কেজি) ২০-৩০ টাকা বেড়েছে। কিন্তু আমরা খুচরা পর্যায়ে বাড়াতে গেলে ক্রেতার সঙ্গে তর্কাতর্কি হচ্ছে।”
“যে দামে বিক্রি করতে হচ্ছে তাতে আমরা সারাদিন ব্যবসা করে ৫০০ টাকা টিকাতে পারছি না”, যোগ করেন তিনি।
দেশি পেঁয়াজ ১০০ আর ভারতীয় পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “গত সপ্তাহে এই পেঁয়াজ ৯০ ও ৭০ টাকায় বিক্রি করেছি। এভাবে জিনিসের দাম বাড়লে আমাদেরও সমস্যা হয়।”
সরকার পেঁয়াজের সর্বোচ্চ দর ঠিক করে দিয়েছে ৬৪ থেকে ৬৫ টাকা।
শাহ আলী পাইকার মার্কেটের শাহআলী বোগদাদী বাণিজ্যালয়ের মালিক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে পেঁয়াজের দাম বাড়ায় দেশের পেঁয়াজের দামও প্রতিদিন বাড়ছে।
“গত সপ্তাহেও আমি ৫৫ থেকে ৬২ টাকার মধ্যে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছি। কিন্তু গতকাল আমাদেরই ৭০ টাকা পর্যন্ত কিনতে হচ্ছে।”
মৌসুদের শেষের দিক হওয়ায় দেশীয় পেঁয়াজের মজুতও কমে আসছে জানিয়ে তিনি বলেন, “এর মধ্যে ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম আরও বেড়ে যাচ্ছে “
