আন্তঃব্যাংকে ডলার উঠল ১০৯ টাকায়
এর আগে আন্তঃব্যাংকে ডলারের দর উঠেছিল ১০৮ টাকা ৮০ পয়সায় গত ৫ জুন।
বাণিজ্য ভারসাম্যে ও চলতি হিসাবের ঘাটতিতে গত অর্থবছরের তুলনায় অগ্রগতি হওয়ার মধ্যে আন্তঃব্যাংকে ডলারের বিনিময় হার উঠল রেকর্ড ১০৯ টাকায়।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংকে ডলারের যে দর প্রকাশ করেছে, তাতে দেখা যায় ব্যাংকগুলো এ দরে একে অন্যের কাছে ডলার কেনা-বেচা করেছে।
বৈদেশিক লেনদেনের দুটি সূচকে অগ্রগতি হলেও ফাইন্যান্সিয়াল একাউন্ট ও ওভারঅল ব্যালেন্সে ঘাটতি বাড়ছে নতুন করে। এতে ডলারের উপর চাপ আরেকটু বাড়বে বলেই সতর্ক করে আসছেন অর্থনীতিবিদরা।
আগামী অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক আগামী ১৮ জুন ঘোষণা করতে যাচ্ছে। তার আগেই আন্তঃব্যাংকে ডলারের দর আরেকটু চড়ল।
অন্যদিকে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংক নির্বাহীদের সংগঠন (এবিবি) ঠিক করে দেওয়া দর বলছে, ৫৫টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ১০৮ টাকা ৪৬ পয়সায় দরে ডলার কিনেছে মেঘনা ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক।
এই দরের কাছাকাছি থেকে সোস্যাল ইসলামী ব্যাংক কিনেছে ১০৮ টাকা ২৫ পয়সায়, সোনালী ব্যাংক ১০৮ টাকা ৩১ পয়সায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ ১০৮ টাকা ২৭ পয়সায়, ব্র্যাক ব্যাংক ১০৮ টাকা ৪৪ পয়সায়।
আর ব্যাংকগুলোর ডলার কেনার গড় দর হচ্ছে ১০৭ টাকা ৭৪ পয়সা।
ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন শুরু করে বাফেদা ও এবিবি।
তখন দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের আলাদা বিনিময় হার নির্ধারণ করা হয়, যা এখন রেমিটেন্সে সর্বোচ্চ ১০৮ টাকা ৫০ পয়সা এবং একইভাবে রপ্তানি আয়ের ক্ষেত্রে ১০৭ টাকা করা হয়েছে।
বাফেদা-এবিবির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রপ্তানি আয় ও রেমিটেন্সের দরের পার্থক্য দুই টাকা থাকবে। কিন্তু সর্বশেষ দর নির্ধারণের পর রপ্তানি ও রেমিটেন্সে ডলার দরের ব্যবধান ২ টাকা থেকে দেড় টাকায় নেমে যায়।
বর্তমানে আমদানি, রপ্তানি, রেমিটেন্স ও নগদ বিক্রিতে ডলারের দর ভিন্ন ভিন্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর পরার্মশ রয়েছে বৈদেশিক মুদ্রার একাধিক দর না রেখে একক দর নির্ধানের কথা বলা হয়েছিল।
পরামর্শ মেনে আমদানি, রপ্তানি, রেমিটেন্স ও নগদ কেনাবেচায় বিদেশি মুদ্রার একাধিক বিনিময় হারকে একটিতে নামিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক; আগামী মুদ্রানীতিতে বিনিময় হার নির্ধারণের পদ্ধতি এবং তা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্ত্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে প্রথমবারের মতো আন্তঃব্যাংকে ডলারের দর উঠেছিল ১০৮ টাকা ৫০ পয়সায় গত ১৬ মে। এরপর সামান্য কিছু বেড়ে ১০৮ টাকা ৭০ পয়সা পর্যন্ত উঠে ফের ১০৮ টাকা ৫০ পয়সায় নেমে অবস্থান করছিল মে মাসের শেষের দিকে।
ডলারের এ দরের সঙ্গে ব্যাংক গ্রাহকের কাছ থেকে কমিশন আকারে ১০ থেকে ৫০ পয়সা পর্যন্ত যোগ করে। ফলে গ্রাহক পর্যায়ে ডলারের দর আরও বাড়ে।
বৈদেশিক মুদ্রা আয়-ব্যয়ের হিসাবে এখনও ঘাটতি থাকায় সর্বশেষ গত ১ জুন রেমিটেন্স ও রপ্তানি আয়ের বিপরীতে ডলারের দর ফের বাড়িয়েছিল বাফেদা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করছে বর্তমানে ১০৬ টাকা দরে।
চলতি অর্থবছরে ১০ মাসে ১২ বিলিয়নের বেশি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে গত ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছিল।
