আমস্টারডামে আয়োজিত হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ'
বাংলাদেশের ৪০টি কোম্পানি অংশ নেবে এই প্রদর্শনীতে।
বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের আমস্টারডামে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী প্রদর্শনী।
আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, কৃষি, হস্তশিল্প, এফএমজিসি, ডিজিটাল শিল্প ও প্রকাশনা খাত থেকে শীর্ষ ৪০টি কোম্পানি ‘বেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক এই প্রদর্শনীতে অংশ নেবে।
নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)’ এই বাণিজ্য সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করছে।
বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এবং অপার সম্ভাবনা ইউরোপের সামনে প্রদর্শনই করাই এই প্রদর্শনীর উদ্দেশ্য বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- পোশাক খাত থেকে ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড, আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন্স লিমিটেড, অনন্ত গ্রুপ, ক্লিফটন গ্রুপ, সেন্ট্র টেক্স লিমিটেড, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড, ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেড, ডেনিম এক্সপার্ট লিমিটেড, এক্সপেরিয়েন্স গ্রুপ, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার জিনলাইট বাংলাদেশ লিমিটেড, কেডিএস গ্রুপ, লায়লা গ্রুপ, মাদানি ফ্যাশন ওয়্যার লিমিটেড, নয়েজ জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড, প্যাডকস জিন্স লিমিটেড, পিডিএস লিমিটেড, পিডিএস ভেঞ্চার, শীন শীন গ্রুপ, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড ও টিম গ্রুপ।
টেক্সটাইল খাত থেকে আর্গন ডেনিমস লিমিটেড, যমুনা ডেনিমস উইভিং লিমিটেড, মাহমুদ ডেনিমস লিমিটেড, পাইওনিয়ার ডেনিম লিমিটেড এবং স্কয়ার ডেনিমস লিমিটেড প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
কৃষিখাত থেকে রয়েছে এগ্রোশিফ্ট টেকনোলজিজ লিমিটেড, ইস্পাহানি এগ্রো লিমিটেড এবং নারিশ ফুডস লিমিটেড।
দ্য মুসলিন, বেনি বুনন, এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি লিমিটেড হস্তশিল্প থেকে, এফএমজিসি থেকে প্রাণ এবং ডিজিটাল শিল্প থেকে ব্রেন স্টেশন ২৩ লিমিটেড এবং মার্চেন্ট বে লিমিটেড এবং প্রকাশনা খাত নিমফিয়া পাবলিকেশন্স প্রদর্শনীতে অংশ নেবে।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, “বেস্ট অফ বাংলাদেশের মতো এমন একটি অয়োজন ইউরোপে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। সমগ্র ইউরোপ থেকে বিভিন্ন খাত থেকে প্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশ্বের সবচেয়ে দ্রুত উদীয়মান অর্থনীতির একটি হিসেবে বাংলাদেশের অবস্থান, সম্ভাবনা ও সুযাগকে তুলে ধরছি এই আয়োজনের মাধ্যমে।”
