২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২২ সালে সিটি ব্যাংকের মুনাফা ৪৭৮ কোটি টাকা

ব্যাংকটি ওই হিসাব বছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 08:44 PM

Updated : 17 Apr 2023, 08:44 PM

বেসরকারি সিটি ব্যাংক ২০২২ সালে ৪৭৮ কোটি টাকা কর পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭১ কোটি টাকা কম।

সোমবার অনলাইন মাধ্যমে ব্যাংকের ২০২২ সালের চতুর্থ প্রান্তিকসহ পুরো বছরের আর্থিক প্রতিবেদন বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানটি ভাচুর্য়াল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

এতে জানানো হয়, ২০২২ সালে ব্যাংকটির সমন্বিয় মুনাফা হয়েছে ৪৭৮ কোটি ১৩ লাখ টাকা। ২০২১ সালে যা ছিল ৫৪৯ কোটি ৪২ কোটি টাকা।

এ হিসাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৯৮ পয়সা। ২০২১ সালে যা ছিল ৪ টাকা ৫৮ পয়সা।

ব্যাংকটি ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাসসহ ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

আর্থিক প্রতিবেদন প্রকাশের এ অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক তুলে ধরেন।

পাশাপাশি ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মেসবাউল আসীফ সিদ্দিকী এবং হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমোন্নতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে এবং এ আয়োজন ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।