পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের আবেদনের সময় বাড়ল
সব আবেদন ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের আবেদনের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময় ছিল ৩০ জুন পর্যন্ত।
সার্কুলারে বলা হয়েছে, দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে রপ্তানিকারকরা ঋণ পুনঃতফসিলের আবেদন করতে পারবেন।
সময় বাড়ানোর কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কাঁচাপাট রপ্তানিজনিত জটিলতার কারণে এ খাতের গ্রাহকরা শর্তাদি পূরণ করে নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি।
"এ অবস্থায় কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ স্থিতির দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।"
এসব আবেদন ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
