Published : 06 Apr 2023, 05:56 PM
পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিষ্কার করে ঈদের আগেই সেখানে অস্থায়ী দোকান বসানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার সকালে বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে তিনি আশ্বাস দেওয়ার পাশাপাশি বলেন, ওই স্থানে নতুন মার্কেট তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে।
গত মঙ্গলবার ভয়াবহ এক আগুনে পুড়ে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার। সেখানে কাঠ-টিনের ঘরে তৈরি কয়েক হাজার দোকান ছিল। পাশে তিনটি দালানের দোকানও পুড়েছে সেই আগুনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৫ হাজারের মতো; যারা সবাই ঈদের আগে নতুন পণ্য তুলেছিলেন দোকানে, যার অধিকাংশই পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অস্থায়ী ভিত্তিতে দোকান তোলার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগিতা চেয়েছেন।
সালমান রহমান বলেন, “মেয়র ও আমি একমত যে যত দ্রুত সম্ভব আমরা এটা (ধ্বংসস্তূপ) পরিষ্কার করব। ডিজি ফায়ার সার্ভিসকে বলব আইন মেনে যত দ্রুত এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া যায়।
“যদি তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়ে অস্থায়ীভাবেও যদি বসতে পারে, ঈদের এই বাজারে কিছুটা হলেও রিকভার করতে পারে। সবকিছু তো আর রিকভার করতে পারবে না। সেটার ব্যবস্থা আমরা ডেফিনিটলি করব।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল রোজার ঈদ হবে। তার বাকি আছে আর ১৬ দিন।
পুরানো খবর:
পুড়ল বঙ্গবাজার: এক আগুনে ছাই হল হাজারো স্বপ্নপুরানো খবর:
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে ডিএসসিসিক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী তার তহবিল থেকে টাকা দিতে চান বলে জানিয়েছেন তার উপদেষ্টা সালমান রহমান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তার তহবিল থেকেও এখানে টাকা দেবেন। ব্যবসায়ীদের তালিকা করতে বলা হয়েছে। তালিকাটা হয়ে গেলে আমরা টাকাটা দেব।”
ব্যবসায়ীদের সাহায্য করার প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, “তালিকাটা হয়ে গেলে কাকে আমরা টাকা দেব, ক্ষতি অনুযায়ী আমরা কাকে কত সাহায্য করতে পারি, সেই সিদ্ধান্ত হবে।
“আরেকটা কাজ হল টাকা যোগাড় করা। অনেক পাবলিক আমাকে ফোন করেছেন যে তারা হেল্প করতে চান, কিন্তু কোথায় টাকা দেবেন। আমি তখন দোকান মালিক সমিতির সভাপতিকে বলেছি, উনারা এই মার্কেটের নামে যৌথ একটা অ্যাকাউন্ট করুক। ওই অ্যাকাউন্ট নম্বর আমরা প্রকাশ করে দেব। তারপর নগদ-বিকাশ সব কিছু করে ওদের মাধ্যমে টাকাটা … একদিকে টাকাটা কালেক্ট করা, আরেকদিকে কাকে টাকা দেওয়া হবে সেটাও নির্ধারণ করা, এভাবে আমরা এগোতে চাই।”
বঙ্গবাজারে অনেক আগেই সিটি কর্পোরেশন বহুতল ভবন করার উদ্যোগ নিয়েছিল জানিয়ে সালমান রহমান বলেন, “কিন্তু ব্যবসায়ীদের এক গ্রুপ হাই কোর্টে গিয়ে রিট করে ওটাকে স্টে করে দিয়েছে। সেই স্টে এখনও বহাল আছে। এখন আমরা উনাদেরকে বলব নিজেদের মধ্যে বসে যারাই এই মামলা করেছে তাদেরকে দিয়ে মামলা প্রত্যাহার করতে হবে। তখন সরকারের আগের যে প্ল্যান ছিল, ওটাকে আবার বাস্তবায়ন করা হবে।”