চিনিতে শুল্ক কমানোর প্রভাব পড়ল ৩ টাকা
বেশ কিছু দিন থেকে সরকারের ঠিক করে দেওয়া দরের চেয়ে অনেক বেশিতে বিক্রি হচ্ছে চিনি।
আমদানি শুল্ক কমিয়ে আনার ৪০ দিনের মাথায় চিনির দাম কেজিতে তিন টাকা কমিয়েছে সরকার; যা শনিবার থেকে কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দর অনুযায়ী, প্রতিকেজি পরিশোধিত খোলা চিনি সর্বোচ্চ ১০৪ টাকা এবং প্যাকেট চিনি সর্বোচ্চ ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখার এক ঘোষণায় নতুন দর ঠিক করে দেওয়া হয়।
তবে রোজায় বাড়তি চিনির চাহিদার মধ্যে বাজারে এর কতটা প্রভাব তা দেখার বিষয়। বেশ কিছুদিন থেকেই বাজারে প্রতি কেজির প্যাকেট চিনি ১২০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুল্কে বড় ধরনের ছাড় দেওয়ার পর বাজারে প্রভাব দেখা যায়নি।ৱ এর আগে গত ২৬ জানুয়ারি থেকে প্রতিকেজি খোলা চিনি ১০৭ টাকা এবং প্যাকেট চিনি ১১২ টাকায় সর্বোচ্চ দর নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে সবসময়ই এর চেয়ে অনেক বেশি দরে বাজারে তা বিক্রি হচ্ছে।
সরকারি বিপণন সংস্থা টিসিবির মনিটরিং টিমের হিসাবে গত দুই সপ্তাহ ধরেই বাজারে প্রতিকেজি ১১০ থেকে ১১৫ টাকা দরে চিনি বিক্রি হচ্ছে।
চিনি পরিশোধনকারী কোম্পানিগুলো রোজার আগে দাম বাড়াতে চাইলে সরকার তাতে সাড়া দেয়নি। বরং চিনির আমদানি শুল্ক কেজিপ্রতি অন্তত ১০ টাকা করে কমানোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে।
সবশেষ দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, শুল্ক প্রত্যাহারের প্রভাবে রোজার শুরুর দিকে চিনির দাম আরেক দফায় কমে আসতে পারে।
