হরতাল-অবরোধ পরিহারের আহ্বান এফবিসিসিআইর
দেশীয় অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে হরতাল, অবরোধসহ অর্থনীতির জন্য ক্ষতিকর যেকোনো অসহিষ্ণু রাজনৈতিক কর্মসূচি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রাজনৈতিক সহিংসতায় ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
দেশীয় অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে হরতাল, অবরোধসহ অর্থনীতির জন্য ক্ষতিকর যেকোনো অসহিষ্ণু রাজনৈতিক কর্মসূচি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিশ্বব্যাপী কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। বিশ্বব্যাপী সাপ্লাই চেইন (সরবরাহ ব্যবস্থা) ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডলার সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় ব্যবসা পরিচালনার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।
এফবিসিসিআই বলছে, আমদানি কমে যাওয়ায় ইতোমধ্যে উৎপাদন হ্রাস এবং বৈদেশিক রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে এর বিরূপ প্রভাব পড়ে। এরইমধ্যে নতুন করে যোগ হয়েছে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি। এ কারণে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও নাজুক হয়ে উঠেছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশে হরতাল, অবরোধসহ রাজনৈতিক অস্থিরতা জাতীয় অর্থনীতিকে আরও শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছে ব্যবসায়ীদের সংগঠনটি।
“বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা হরতাল, অবরোধ কর্মসূচি সাপ্লাই চেইনকে ভীষণভাবে বিঘ্নিত করছে। এর প্রভাব ইতোমধ্যে পণ্যের বাজার মূল্যের ওপর এবং রপ্তানির ওপরও পড়ছে। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করতে না পারলে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতে পড়বেন উদ্যোক্তারা। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সকল পণ্যসামগ্রীর উর্ধ্বমূল্যের প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
হরতাল, অবরোধ কর্মসূচির কারণে বিদেশে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে; এর ফলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাবে জানিয়ে ব্যবসয়ীদের সংগঠনটি বলছে, উৎপাদন ব্যাহত হওয়ায় কলকারখানা বন্ধ হয়ে যাবে। কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে, যা কখনই কাম্য নয়।
রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাবে। নতুন কর্মসংস্থানের পথ রুদ্ধ হবে এমন শঙ্কাও দেখছে এফবিসিসিআই।
দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে হরতাল, অবরোধসহ অর্থনীতির জন্য ক্ষতিকর এমন রাজনৈতিক কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
