৫ দিনের জন্য বন্ধ হল ব্যাংক-পুঁজিবাজার
এবার ২৯ রোজা বিবেচনায় রেখে ছুটির এই হিসাব করা হয়েছে, রোজা ৩০টি হলে ছুটি আরেক দিন বাড়বে
শবে কদর ও রোজার ছুটি মিলিয়ে ৫ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে বুধবার, যা চলবে আগামী রোববার পর্যন্ত। এ সময়ে সব ধরনের ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।
এ বিষয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০ এপ্রিল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করায় ২১, ২২ ও ২৩ এপ্রিল মিলিয়ে মোট ৪ দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশে সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে; যদিও পোশাক শিল্প এলাকা সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে শুক্রবার পর্যন্ত।
শিল্প এলাকায় ছুটির দিন ১৯, ২০ ও ২১ এপ্রিলেও ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের ছুটি শেষে আগের নিয়মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এ সময় লেনদেন চলবে বেলা ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর পুঁজিবাজারও যথানিয়মে খোলা থাকবে।
এবার রোজা ২৯টি হবে বিবেচনায় নিয়ে ছুটি ঘোষণা করা হয়। তবে রোজা ৩০টি হলে ঈদুল ফিতর উদযাপন করা হবে ২৩ এপ্রিল রোববার। সেক্ষেত্রে সোমবারও ছুটির আওতায় আসবে।
পুঁজিবাজার বন্ধ থাকার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ প্রধান ও উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পবিত্র শবে কদর ও ঈদ মিলিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারে ছুটি থাকবে আগামী ২৩ এপ্রিল পর্যস্ত। পরের দিন অর্থাৎ ২৪ এপ্রিল যথা নিয়মে ঈদ পূর্ব সময় অনুসরণ করে লেনদেন ও অফিস খোলা থাকবে।”
তবে ঈদ যদি ২৩ এপ্রিল রোববার হয় সেক্ষেত্রে পরের দিন ২৪ এপ্রিলও ছুটি থাকবে। ২৫ এপ্রিল যথানিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে বলে জানান তিনি।
