২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ট্যারিফ পলিসি অনুমোদন

“বাংলাদেশের শিল্পায়নকে সহায়তা করে আন্তর্জাতিক বাণিজ্যে বা বাজারে যাতে বাংলাদেশি পণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, সেসব বিষয় মাথায় রেখে ট্যারিফ পলিসি করা হয়েছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 08:46 PM

Updated : 17 Jul 2023, 08:46 PM

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে ন্যাশনাল ট্যারিফ পলিসির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই নীতি অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, “আমাদের ট্যারিফ কমিশন আছে। তারা এ সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। এই পরামর্শ প্রক্রিয়ায় আমাদের নির্দিষ্ট কোনো পলিসি ছিল না। আমরা এতদিন যে কাজগুলো করেছি, সেটা সময় সময় সরকারের যে বাণিজ্য নীতি, রপ্তানি নীতি, শিল্পনীতি বা আমদানি নীতির সাথে সামঞ্জস্য করে ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন।

“বাংলাদেশের শিল্পায়নকে সহায়তা করে আন্তর্জাতিক বাণিজ্যে বা বাজারে যাতে বাংলাদেশি পণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশি পণ্যের বাজার তৈরিতে সহায়তা করতে পারে, সেসব বিষয় মাথায় রেখে এখন ট্যারিফ পলিসি করা হয়েছে।”

মাহবুব হোসেন বলেন, “আমরা এলডিসি গ্রাজুয়েশন করেছি। এখন আমরা আন্তর্জাতিক বাণিজ্যে যে সুযোগ সুবিধা পাই, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তারপর সরাসরি প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। তখন বাজার ধরে রাখতে এবং বাজার সম্প্রসারণ করতে চাইলে আসাদের এখন যে ট্যারিফ কাঠামো আছে, সে কাঠামোতে কিছু সংযোজনের প্রয়োজন আছে।

“আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে ব্যবসায়ীদের কীভাবে সহযোগিতা করা যায় সেজন্য একটি সুপারিশমালা তৈরি করা হয়েছে। তার ভিত্তিতে আমরা শুল্ক ও কর কাঠামোয় ধাপে ধাপে সেদিকে অগ্রসর হব।” 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাণিজ্য উদারীকরণ, ট্যারিফ কাঠামোর যৌক্তিকীকরণের মাধ্যমে দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ ও বহুমুখীকরণ, বিনিয়োগে উৎসাহীতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনীতি অর্জনের লক্ষ্য সামনে রেখে এই ট্যারিফ পলিসি নেওয়া হয়েছে। 

ট্যারিফ পলিসিতে ১৭টির মত নীতি রয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, এর বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মনিটরিং ও অডিট কমিটি করা হয়েছে। সেখানে ১৬ সদস্যের কমিটিতে একজন সচিব, এফবিসিসিআইয়ের একজন্য সদস্য, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান রয়েছেন, তারা এই মনিটরিং কাজটি করবেন।

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে 'বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল আইন, ২০২৩' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এছাড়া সামরিক শাসনামলের প্রণিত হওয়ায় নতুন করে 'জেলা (চট্টগ্রাম পার্বত্য জেলাসমূহে বলবৎকরণ) আইন ২০২৩'-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।