০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্যাংক গ্যারান্টি নবায়নের সুযোগ পাচ্ছে বেক্সিমকো কম্পিউটার্স

সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া এক্সিম ব্যাংক এ গ্যারান্টি দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 09:24 PM

Updated : 09 Oct 2026, 09:24 PM

সরকারি চার প্রকল্পে পণ্য সরবরাহে দরপত্র পাওয়া বেক্সিমকো কম্পিউটার্সের প্রায় ১৬ কোটি টাকার ব্যাংক গ্যারান্টির মেয়াদ নবায়নের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া এক্সিম ব্যাংক এ গ্যারান্টি দিয়েছিল। একীভূত হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদ এ গ্যারান্টির মেয়াদ বাড়াতে পারবে বলে অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সুযোগ দিয়েছে।

ঢাকা ওয়াসা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়য়ের চার প্রকল্পের বিপরীতে এ ব্যাংক গ্যারান্টি দিয়েছিল এক্সিম ব্যাংক।

এর মধ্যে ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পে ৭৭ লাখ ১০ হাজার টাকার ব্যাংক গ্যারান্টির মেয়াদ শেষ হয় গত ১ মার্চ।

একই দিন ব্যাংক গ্যারান্টির মেয়াদ শেষ হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে ঢাকা ওয়াসা-ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের ৯ লাখ ৩৩ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪৭ লাখ টাকা)।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ায়ের সুবিধাবঞ্জিত এলাকার জন্য ইন্টারনেট সংযোগ প্রকল্পে ৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার ব্যাংগ গ্যারান্টির মেয়াদ শেষ হয় গত ৩০ জুলাই।

এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়য়ের তৃতীয় সাবমেরিন ক্যাবল সম্প্রসারণ প্রকল্পের ৩৩ লাখ ৮৭ হাজার টাকার ব্যাংক গ্যারান্টির মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টম্বর।

প্রকল্পভেদে এসব প্রকল্পের ব্যাংক গ্যারান্টি লাগবে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত।

চার প্রকল্পের তিনটিতে স্থানীয় মুদ্রায় ৪ কোটি ৬৫ লাখ ও বিদেশি মুদ্রায় ৯ লাখ ৩৩ হাজার ডলারের ব্যাংক গ্যারান্টি দেয় এক্সিম ব্যাংক।

দেশি-বিদেশি মুদ্রা মিলিয়ে মোট গ্যারান্টির অঙ্ক দাঁড়ায় ১৬ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার।