১০ হাজার কোটি টাকার কোম্পানির স্বীকৃতি পেল নগদ
‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে নগদ এই স্বীকৃতি পেল।
যাত্রা শুরুর চার বছরেই দেশের সবচেয়ে দ্রুতগতির ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে ডাক বিভাগের সহযোগী মোবাইল আর্থিক সেবা কোম্পানি নগদ।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে এ স্বীকৃতি দেওয়া হয়। কোম্পানির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে ৮টি প্রতিষ্ঠানকে পুরস্কার এই স্বীকিৃতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা, বিশ্বব্যাপী ইউনিকর্ন স্টার্টআপের ধারণা শুরু এক দশক আগে। এই ধারায় একটি স্টার্টআপের সামগ্রিক মূল্যমান ১০০ কোটি ডলারের সমান হলেই তাকে ইউনিকর্ন কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে বিশ্বে এক হাজার ২০০টির মতো ইউনিকর্ন স্টার্টআপ রয়েছে।
ইউনিকর্ন স্টার্টআপকে স্বীকৃতি দেওয়ার এমন আয়োজন দেশে এবারই প্রথম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সেবা শুরুর চার বছরের মধ্যে নগদ আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে; এছাড়াও এখন নগদের দৈনিক গড় লেনদেন এক হাজার ৩০০ কোটি টাকায় পৌঁছেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে নগদ।
স্বীকৃতি গ্রহণের পর তানভীর এ মিশুক বলেন, “যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তার স্বীকৃতি পেলাম। আর কিছু চাওয়ার থাকতে পারে না।”
নগদ একদিন বাংলাদেশের প্রথম ডেকাকর্ন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কোম্পানির মূল্যমান ১০ বিলিয়ন ডলার পেরুলেই তাকে ডেকাকর্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়। এ মহূর্তে বিশ্বে এ ধরনের কোম্পানি আছে হাতে গোনা কয়েকটি।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সামসুল আরেফিন ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বক্তব্য দেন।
