কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকার জন্য পাঠাও পুরস্কৃত
'বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩' র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ।
কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ‘এমপ্লয়মেন্ট ক্যাটালিস্ট’ পুরস্কার পেয়েছে ডিজিটাল সার্ভিস কোম্পানি পাঠাও।
পাঠাওয়ের এমডি ও সিইও ফাহিম আহমেদ শনিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত 'বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩' র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পুরস্কার নেন।
অনুষ্ঠানে ফাহিম আহমেদ বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবনে দেশীয় চ্যাম্পিয়ন পাঠাও, বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান তৈরিতে কাজ করে যাচ্ছে। জীবনমান উন্নত করার লক্ষ্যে যারা কাজ করতে প্রস্তুত, তাদের ক্ষমতায়নে আমাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারটি পেয়ে আমরা গর্বিত।”
পাঠাওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে সূচনার পর থেকে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস ব্যবসায় এ পর্যন্ত বাংলাদেশে ৫ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে তারা। এছাড়া নেপাল ও বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাঠাও ১ কোটিরও বেশি ভোক্তা, দৈনিক উপার্জনকারী ও ছোট ব্যবসায়ীকে সেবা দিয়ে আসছে।
