১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাল রপ্তানির লাগাম টানছে মিয়ানমারও

বাসমতি নয়- এমন চাল রপ্তানিতে গত মাসেই নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিবেশী ভারত।

চাল রপ্তানির লাগাম টানছে মিয়ানমারও

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের কাছে মাঠে কাজ করছেন এক কৃষক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 07:13 PM

Updated : 25 Aug 2023, 08:51 PM

অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের পর মিয়ানমারও চাল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে।

দেশটির রাইস ফেডারেশনের এক জ্যেষ্ঠ সদস্য রয়টার্সকে বলেছেন, “এ মাসের শেষ থেকে ৪৫ দিনের জন্য চাল রপ্তানি আমরা সাময়িকভাবে সীমিত করতে চাই।”

অভ্যন্তরীণ বাজারের চালের দাম চড়তে থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান তিনি।

বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক মিয়ানমার বছরে ২০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে থাকে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়।

বাসমতি নয়- এমন চাল রপ্তানিতে গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করে সবচেয়ে বড় রপ্তানিকারক ভারত, তাতে বিশ্ব বাজারে চাল সরবরাহ কমেছে এক কোটি টন বা ২০ শতাংশ।

দেশটির সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, “ভারতের বাজারে বাসমতি নয় এমন সাদা চালের পর্যাপ্ততা নিশ্চিত করতে এবং অভ্যন্তরীন বাজারে চালের মূল্য বৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণে ভারত সরকার রপ্তানি নীতিতে পরিবর্তন এনেছে।”

আগের ১২ মাসে ভারতে খুচরা বাজারে চালের দাম সাড়ে ১১ শতাংশ বেড়ে গেছে বলে সরকারের থেকে জানানো হয়। তার মধ্যে কেবল জুনেই দাম বাড়ে ৩ শতাংশ।

মুম্বাইভিত্তিক এক রপ্তানিকারক রয়টার্সকে বলেন, “চালের বাজারে ভারত বা থাইল্যান্ডের মত বড় খেলোয়াড় মিয়ানমার নয়, কিন্তু এমন এক সময় নিষেধাজ্ঞা আসছে, যখন বিশ্বে পণ্যটির সরবরাহ কমে গেছে।”

এই ব্যবসায়ী মনে করেন, মিয়ানমারের এই পদক্ষেপে বৈশ্বিক চালের বাজার আরও অস্থির হবে, উদ্বেগ বাড়াবে ক্রেতাদের।

চাল রপ্তানিতে ভারতের লাগাম টানার সিদ্ধান্তে থাইল্যান্ড, ভিয়েতনামের মত শীর্ষ রপ্তানিকারক দেশও পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে।

সরবরাহ কমে যাওয়ায় গত সপ্তাহে এশিয়ার মধ্যে সর্বোচ্চ দাম উঠে যায় ভিয়েতনামের চালের, দাম চড়েছে থাই চালেরও।

ভিয়েতনামের চালের (৫ শতাংশ ভাঙা) দাম বেড়ে প্রতি টন দাঁড়িয়েছে ৬৫০ থেকে ৬৬০ ডলারে। থাইল্যান্ডেও এ মানের চালের দাম বেড়ে প্রতি টন ৬৩০ ডলার হয়েছে, যেখানে আগের সপ্তাহে এই দাম ছিল ৬১৫-৬২০ ডলার।

এল নিনোর প্রভাবে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার মত আমদানিকারক দেশ চালের সংগ্রহে হন্য হয়ে ছুটছে।  তাতে বাজারে আরও অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে।

পুরানো খবর:

বাসমতি নয় এমন চাল রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের