মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল নগদ
দেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখায় আগের বছরও একই পুরস্কার পেয়েছিল এমএফএস কোম্পানিটি।
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ মাস্টারকার্ডের ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছে।
‘মাস্টার অব ইভোলুশন’ এর স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছে নগদ বলে জানিয়েছে কোম্পানিটি।
সম্প্রতি ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন মাস্টারকার্ড কর্তৃপক্ষ। নগদ লিমিটেড এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাস্টারকার্ডের ক্রেডিট কার্ডে বিল পেমেন্টে ২০২৩ সালে ‘অসাধারণ’ ভূমিকার জন্য এ পুরস্কার পেল নগদ। এর আগে দেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখায় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’ জিতেছিল নগদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান ও পরিচালক মো. মোতাসেম বিল্লাহ। উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়ে নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, “নগদ শুরু থেকে ডিজিটাল লেনদেনকে আরও প্রসারিত করতে কাজ করে যাচ্ছে। মাত্র পাঁচ বছরের যাত্রায় আমরা প্রায় সাড়ে আট কোটি গ্রাহককে ডিজিটাল লেনদেনের আওতায় এনেছি।”
এটাকে ডিজিটাল বিপ্লব দাবি করে তিনি বলেন, “মাস্টারকার্ডের কাছ থেকে এই সম্মাননা পাওয়াটা আমাদের অনুপ্রাণিত করবে।”
