Published : 14 Aug 2023, 04:02 PM
অতিরিক্ত দামে ডিম বিক্রির অভিযোগে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভোর থেকে বেলা ১টা পর্যন্ত কাপ্তানবাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে এই অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ক্রয়-রশিদ ছাড়া ডিম কিনে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ পনেরো হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত সপ্তাহের শেষ দিক থেকে ডিমের বাজার হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠে। আমিষের সহজলভ্য উৎস ডিমের দাম হঠাৎ বেড়ে প্রতিটি ১৪ টাকায় গিয়ে দাঁড়ায়।
ঢাকার বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ডজন হিসাবে ডিমের দাম উঠেছে ১৬৫ টাকায়।
গত বছরের এই সময়েও প্রতি ডজন ডিমের দাম উঠেছিল ১৫৫ টাকা। তবে বর্ষা শেষে তা আবার কমে গিয়েছিল। গত মাস পর্যন্ত ১৪০ থেকে ১৪৫ টাকায় ডিম বিক্রি হয়। এরপরই বাড়তে থাকে।
ডিমের দাম হঠাৎ লাফের পর অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর; ঢাকা ও রাজশাহীতে জরিমানাও করেছে ডিম ব্যবসায়ীদের।
ডিমের দাম অনেক বেশি চড়ে যাওয়ার পেছনে সরবরাহ সংকটের কথা বলছে খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
এ পরিস্থিতিতে সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী প্রয়োজনে ডিম আমদানির হুঁশিয়ারি দিলেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এখনও সায় দেয়নি।
আরও পড়ুন
ডিম আমদানির পক্ষে নন প্রাণিসম্পদমন্ত্রী
ডিমের দামে উল্লম্ফন, নামছে ভোক্তা অধিদপ্তর