১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পাঁচ দিনে সোনার দাম ভরিতে কমল ৫৪৮২ টাকা

সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে নেমে এসেছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 03:33 PM

Updated : 11 Nov 2026, 03:32 PM

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় দফায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দরে সোনা বিক্রি হচ্ছে।

এর আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল।

পরদিন ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তাতে দাম নেমে আসে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।

সবশেষ বুধবার একই পরিমাণ কমানো হয়েছে। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দুই দফায় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল সোনার দাম।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম।

এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

কত কমল

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৯ হাজার ২২০ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

সেই হিসাবে পাঁচ দিনের ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২১৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও কমেছে

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম এক পর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম হয় ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে (আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম) সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

এরপর ঊর্ধ্বমুখী হয়েছিল বাজার। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ডলারের দরপতন ও বন্ডের সুদের হার কমায় বিশ্ববাজারে সোনার দর আরও বেড়েছিল।

তবে মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। এর পরদিন বুধবার কিছুটা ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু।

তবে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আগামী মাসে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় সোনার দরবৃদ্ধি সীমিত রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৬টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৭ ডলার ৩৩ সেন্টে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭ ডলার ২১ সেন্টে নেমে এসেছিল।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।