২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘ব্যবসা বাড়ানোর আগ্রহ’ পাকিস্তানি ব্যবসায়ীদের

এফবিসিসিআইয়ের আমন্ত্রণে ঢাকা সফরে আসে পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় বলে জানিয়েছেন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখ।

রোববার বিকালে ঢাকায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করে তিনি এ আগ্রহের কথা তুলে ধরেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) আমন্ত্রণে ঢাকা সফর করছে পাকিস্তানি ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, ভিসা সহজীকরণ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দুদেশের জনসংখ্যার ‘ভলিউম’ বিবেচনায় বাণিজ্যের পরিমাণ খুব কম। উভয় দেশেরই বাণিজ্যকে বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

“বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পাকিস্তানের ব্যবসায়ীদের আরো বেশি আলোচনা হওয়া দরকার। নিজেদের মধ্য সম্ভাব্য সহযোগিতার উন্মোচন দু’দেশকেই লাভবান হতে সাহায্য করবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন ও বিপণন, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের প্রতিনিধিদলটি।

এফপিসিসিআই সভাপতি আতিফ ইকরাম শেখ বৈঠকে বলেন, “পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য বাড়াতে চায়। ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় সে দেশের ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মাত্রায় তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে সক্ষম হচ্ছেন না।”

এক্ষেত্রে বিরাজমান জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফও বৈঠকে উপস্থিত ছিলেন।