১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেটওয়ার্ক সম্প্রসারণে ইডটকোর সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

এ চুক্তি কোম্পানি দুটির কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করেছে, বলেন উভয় কোম্পানির কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 10:22 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

দেশজুড়ে ডিজিটাল সংযোগের উন্নয়নে টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো ও মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ‘বহু বছর মেয়াদি‘ ইজারা সম্প্রসারণ চুক্তি করেছে।

এ চুক্তি কোম্পানি দুটির কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করেছে বলে রোবববার ইডটকোর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, “গ্রামীণফোনের নেটওয়ার্ক সম্প্রসারণ প্রচেষ্টাকে ত্বরান্বিত করার পাশাপাশি এই অংশীদারত্ব ইডটকোর দেশব্যাপী সংযোগ উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে। একই সঙ্গে এটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তর লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে “

সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। 

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করার প্রতি গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনী ও উন্নত অবকাঠামো সমাধানের মাধ্যমে এই চাহিদাগুলো পূরণে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ইডটকোর সঙ্গে আমাদের এই দীর্ঘমেয়াদী অংশীদারত্ব।

”নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা একত্রে কাজ করছি।”

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “ইডটকোতে আমাদের লক্ষ্য হল নির্ভরযোগ্য এবং উন্নত সংযোগ সেবা প্রদান করে নেটওয়ার্কের বাইরে থাকা জনগোষ্ঠীকে এই ব্যবস্থার আওতায় আনা। গ্রামীণফোনের সঙ্গে করা নতুন এই অংশীদারত্ব আমাদের ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে সক্ষম করবে।”