১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকাশের সহযোগিতায় হয়ে গেল ‘শাহ আব্দুল করিম লোক উৎসব’

বাংলা লোকগানের এই অমর স্রষ্টার স্মরণে ২০০৬ সাল থেকে কালনী নদীর তীরে ‘উজান ধল’ মাঠে এ উৎসব হয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 07:45 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাইয়ে উদযাপিত হয়েছে ‘শাহ আব্দুল করিম লোক উৎসব-২০২৫’।

‘শাহ আবদুল করিম পরিষদ’ শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। এতে তৃতীয়বারের মত সহযোগী হিসেবে থাকার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’।

বাংলা লোকগানের এই অমর স্রষ্টার স্মরণে ২০০৬ সাল থেকে কালনী নদীর তীরে ‘উজান ধল’ মাঠে উৎসবটি আয়োজিত হয়ে আসছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বন্ধে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে’, ‘গাড়ি চলে না’, ‘বসন্ত বাতাসে সইগো’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’, ‘তুমি বিনে আকুল পরান’ এমন অসংখ্য কালজয়ী গান ও এর স্রষ্টাকে শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে পর্দা নামে উৎসবের।

এতে সারাদেশ থেকে আগত লোক সংগীতের শিল্পী ও ভক্ত-অনুরাগীরা বাউল সম্রাটের সৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গান-শ্রদ্ধা-স্মরণে মাতিয়ে রাখেন। স্থানীয় তরুণ-বৃদ্ধ-মহিলাদের পাশপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকেও আসা ভক্ত-সুধীজনেরা উৎসবের অংশ হয়ে উঠেন বলে তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।

আবহমান গ্রামীণ মেলার অন্যতম অংশ-মুড়ি মুড়কি ও মিষ্টির দোকান, খেলনা, গৃহস্থালি নানান পণ্যের ছোট ছোট স্টল নিয়ে এবারও উৎসবকে কেন্দ্র করে উজানধল মাঠে বসে মেলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নুর জালালের সভাপতিত্বে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, বিকাশ দেশের আবহমান সংস্কৃতির চর্চায় ভূমিকা রাখতে চেষ্টা অব্যাহত রেখেছে। দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উৎসবের সহযোগী হতে পেরেছে বলেও জানান তিনি।

উৎসব আয়োজনে সহযোগিতার জন্য বিকাশ ও গ্রামবাসীকে কৃতজ্ঞতা জানান শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নুর জালাল।