১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হুন্ডি ও অনলাইনে জুয়া: ২২ হাজার ব্যাংক ও এমএফএস হিসাব স্থগিত

হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে ২১টি মানিচেঞ্জার প্রতিষ্ঠান ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩৯টি হিসাবের তথ্য সিআইডিতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 06:47 PM

Updated : 09 Dec 2023, 06:47 PM

হুন্ডি ও অনলাইনে জুয়ার লেনদেনে জড়িত থাকার সন্দেহে ২১ হাজার ৭২৫টি ব্যাংক ও এমএফএস হিসাব স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানিয়েছে এসব হিসাব ব্যক্তিগতভাবে খোলা হয়েছে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থপাচার রোধ ও অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত ইস্যুতে নজরদারি করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি। এগুলো কোন সময়ে বন্ধ করা হয়েছে তা জানানো হয়নি। এছাড়া এসব হিসাবের মধ্যে কোন ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) কোম্পানিগুলোর কতটি রয়েছে এবং সেগুলোর নাম প্রকাশ করা হয়নি।

বিএফআইইউ জানিয়েছে, এ পর্যন্ত অবৈধ হুন্ডি, গেমিং, বেটিং, ক্রিপ্টো সংক্রান্ত মোট ৮১৪টি ওয়েবসাইট, ১৫৯টি অ্যাপ ও ৪৪২টি সোশ্যাল মিডিয়া পেইজ/লিংক (ফেইসবুক, ইউটিউব ও ইন্সটাগ্রাম) চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থাকে সরবরাহ করা হয়েছে।

স্থগিত করা হিসাবধারীদের বিরুদ্ধে অনলাইন ফরেক্স ট্রেডিং/গেমিং/বেটিং, ডিজিটাল হুন্ডি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার মতো সন্দেহজনক লেনদেন পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত অনলাইন গেমিং/বেটিং সংশ্লিষ্ট ৩৭১টি, অনলাইন ফরেক্স ট্রেডিং সংশ্লিষ্ট ৯১টি ও ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট ৪১৩টি সন্দেহজনক লেনদেনের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে বিএফআইইউ।

এছাড়া হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে ২১টি মানিচেঞ্জার প্রতিষ্ঠান ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩৯টি হিসাবের তথ্য পুলিশের অপরাধ বিভাগ-সিআইডিতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)