১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠাল পর্ষদ

চলতি দায়িত্বে থাকা অবস্থায় গত বছরের ৪ অগাস্ট তাকে ব্যবস্থাপনা পরিচালক পদে বসায় ব্যাংকটির পর্ষদ।

ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠাল পর্ষদ
ওমর ফারুক খান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 10:26 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

দায়িত্ব দেওয়ার প্রায় আট মাসের মাথায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ।

পর্ষদের রোববারের সভায় এ সিদ্ধান্ত হয় বলে ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।

ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব বলেন, “তিনি ছুটি চেয়েছিলেন। তাকে আগামী ৩১ মে পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।”

ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাসুদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এমডি ছুটি চেয়েছেন দেড় মাসের জন্য। তিনি যুক্তরাষ্ট্রে যাবেন তার ছেলের সমাবর্তনে যোগ দিতে। সেখানে কিছু চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন। তাকে ৩১ মে পর্যন্ত ছুটিতে দেওয়া হয়েছে।”

এমডির অনুপস্থিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে চলতি দায়িত্ব দেওয়ার তথ্যও জানান মাসুদ রহমান।

গেল বছরের ৪ অগাস্ট চলতি দায়িত্ব পালন করা অবস্থায় ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল ব্যাংকটির পর্ষদ।

সেদিনই তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে অনাপত্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

ওমর ফারুকের আগে সাড়ে চার বছর এমডির দায়িত্বে ছিলেন মুনিরুল মওলা। তাকে গত বছরের এপ্রিলে প্রথমে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়; এরপর করা হয় অপসারণ।

দেশের শরীয়াহভিত্তিক শীর্ষস্থানীয় এ আর্থিক প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপনা পরিচালককে সাধারণত এত দীর্ঘ সময়ের জন্য ছুটিতে পাঠানো হয় না। ফলে ছুটি শেষে ওমর ফারুক কর্মস্থলে ফিরবেন কিনা, সেই প্রশ্ন উঠেছে। তবে এমন প্রশ্নে খুরশিদ ওয়াহাব ও মাসুদ রহমান কোনো উত্তর দেননি।

এমডি হিসেবে ওমর ফারুকের দায়িত্বের মেয়াদ ছিল ২০২৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত। 

ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দিয়ে টানা ৩৭ বছর ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পরে এনআরবি ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্বে) দায়িত্বও পালন করেন।

সরকার পতনের পর তিনি আবার ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন।

তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন সহযোগী এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)।

পুরনো খবর

ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক