Published : 04 Aug 2025, 12:27 AM
চলতি দায়িত্বে থাকা মো. ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বেছে নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
রোববার তার নিয়োগে ব্যাংকটির পর্ষদের প্রস্তাবে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পূর্ণ দায়িত্ব পাওয়ার খবরের প্রতিক্রিয়ায় ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব চেষ্টা করবেন তিনি।
চলতি বছর এপ্রিলে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এরপর তাকে অপসারণ করা হয়।
সাড়ে চার বছর ধরে এমডির দায়িত্ব পালন করা মুনিরুল মওলার জায়গায় চলতি দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন ওমর ফারুক।
এমডি হিসেবে তিনি ২০২৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। ওই দিন তার বয়স ৬৫ বছর হবে।
ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দিয়ে টানা ৩৭ বছর ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
পরে এনআরবি ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্বে) দায়িত্বও পালন করেন।
সরকার পতনের পর তিনি আবার ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন।
তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন সহযোগী এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের একজন সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)।