দনিয়ার হাটে স্বস্তি এনেছে পদ্মা সেতু
নৌপথে গরু পারাপারে ভোগান্তি আর ঝুঁকি নেই ব্যবসায়ীদের। ট্রাকে করে সহজে ও দ্রুত চলে আসছে পশু। যাতায়াত খরচও কমেছে।
মাদারীপুরের পাচ্চর এলাকার ফারুক হোসেন। দুটি গরু বিক্রি করতে ঢাকার যাত্রাবাড়ীর দনিয়ার হাটে এসেছেন গত বুধবার। গরু প্রতি খরচ হয়েছে দেড় হাজার টাকা।
গত ৭-৮ বছর ধরেই কোরবানির ঈদের আগে এই হাটে গরু নিয়ে আসেন তিনি। জানালেন, এবারের যাত্রা ছিল ভোগান্তিহীন।
“আগে গরু আনতে হত নদী দিয়ে মাওয়া পয়েন্টে বা পোস্তগোলার শ্মশান ঘাটে। সেখান থেকে আবার গাড়িতে করে যাত্রাবাড়ী বা অন্য কোনো হাটে নিয়ে যেতে হত।
“ফরিদপুরে নদীর ঘাটে নিয়ে ট্রলারে ওঠানো, মাওয়া বা ঢাকায় নামানো, আবার গাড়িতে চড়ানো লাগত। খরচ হত ম্যালা।”
আর এবার?
ফারুক বলেন, “এহন তো ঘণ্টা দুই লাগে ঢাকায় আসতে।”
সময় বাঁচানোর সঙ্গে সঙ্গে গরু বহনে ভোগান্তির অবসান ঘটিয়েছে পদ্মা সেতু।
ঠিক এক বছর আগে এই দিনে চালু হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীকে যুক্ত করা পদ্মা সেতু। ফলে এখন কেবল গরুকে ট্রাকে তোলা, সেতু পার হয়ে গাড়ি হাটে থামা আর নামানো। ব্যাস।
ফলে ভোগান্তি নেই কৃষক বা বেপারীর, নিস্তার মেলে পশুগুলোরও।
ট্রলারে পরে পদ্মা পাড়ি দিয়ে গরু নিয়ে আসা কতটা ঝুঁকির, তা প্রায় সময়ই সামনে আসে। শনিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মায় ৪৭টি গরুসহ ট্রলার ডুবে যাওয়ার পর জীবিত উদ্ধার হয়েছে কেবল ১৯টি গরু। মুনাফার আশায় বিনিয়োগ করে বহুজন পড়ে গেলেন ঋণের জালে।
“আগে অনেক সময়েই গরু আহত হত, পা ভেঙে যেত। নদী পথে আনার সময়ে কোনো গরু অসুস্থ হয়ে পড়লে নদীতেই ফেলে দেওয়ার মত ঘটনাও ঘটেছে। কখনো কখনো ডুবেও গেছে”, বললেন যাত্রাবাড়ী হাটে আসা গরু ব্যবসায়ী আবুল কাশেম।
“এখন আর এসব ঝক্কি, ঝামেলা, টেনশন নেই। গরু সরাসরি বাড়ি থেকে গাড়িতে চড়িয়ে সোজা হাটে নিয়ে আসা যায়”, এ কথা বলার সময় ৫টি গরু নিয়ে আসা বেপারী কুদ্দুছ সরকারের মুখে ছিল মৃদু হাসি।
কুদ্দুসের চাচাতো ভাইও তার সঙ্গে নিয়ে এসেছেন তিনটি গরু। সেগুলো বিক্রি করে দেবেন অভিজ্ঞ এই বিক্রেতা।
হাটে কেনাবেচা শুরু হয়নি এখনও। মাদারীপুরের ফারুক যে দুটি গরু নিয়ে এসেছেন, তার মধ্যে একটির দাম চাইছেন ১ লাখ ৮৫ হাজার টাকা, অন্যটির দেড় লাখ। শনিবার দুপুর পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। আসলে হাটে ক্রেতা এখনও আসেনি সেভাবে।
শহরের বাসায় পশু রাখার জায়গার অভাব এবং দেখভালের ব্যবস্থা না থাকায় ঈদের এক বা দুই দিন আগেই সাধারণত পশু নেনে থাকেন ঢাকাবাসী। ফলে ওই দুই দিনই হাট জমে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ী পার হলেই কাজলা-দনিয়ায় সড়কের দুই পাশে খালি জায়গার হাটে পশু এসেছে আগেভাগেই।
ফরিদপুর সদর উপজেলা থেকে আসা আবুল কাশেম সরদার একটি ট্রাকে করে সাতটি গরু নিয়ে এসেছেন গত বৃহস্পতিবার।
ফরিদপুর অঞ্চল ছাড়াও ঢাকার সাভার, লাগোয়া দুই জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা বিভাগের ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা অঞ্চল থেকেও বেপারীরা এসেছেন এই হাটে। উত্তরের জেলা রাজশাহী, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা বিক্রেতাদেরও দেখা গেল সেখানে।
আগে নদী পথে গরু আনার ভোগান্তির স্মৃতি মনে করে আলমাছ হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নদীর কিনারা থেকে উঁচু ট্রলারে উঠাইতে-নামাইতে গরুরও কষ্ট হইত। অনেক সময় গরু রেগে যেত। তখন তাকে বশে আনতে সময় লাগত। কতবার যে গুঁতা খেতে হয়েছে তার হিসাব নেই।
“এখন যে গৃহস্তের গরু, তিনিই ট্রাকে উঠিয়ে দেন বেশিরভাগ সময়। কোনো ঝামেলা পোহাতে হয় না। সেই ট্রাক সোজা হাটে চলে আসে।”
এ হাটে গত সোমবার থেকে যখন গরু নামতে শুরু করে, তখনও হাটের কাজ পুরো শেষ হয়নি। বালু ফেলা, হাটের সীমানা নির্ধারণ করে বাশেঁর খুঁটি পোঁতা, রোদের তাপ ও বৃষ্টির পানি ঠেকাতে উপরে পলিথিন বা মোটা ত্রিপল টানানোর কাজ পাঁচ দিন পরেও চলছিল।
হাট পরিচালনায় যে কমিটি করা হয়েছে, তার সদস্য হাফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেচা-বিক্রি এহনও শুরু হয়নি। আইজকা (রোববার) শুরু হইতে পারে। তয়, গরু অনেক আগেই আসছে।’’
হাটে পশুর বিক্রিত দরের উপর হাসিল হিসেবে গরুর বিক্রয় মূল্যের ৫ শতাংশ নিতে পারবে হাটের ইজারাদার।
