কাঞ্চনজঙ্ঘার দেখা নেই, অপেক্ষা ফুরায় না
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।
“বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কাঞ্চনজঙ্ঘা দেখে সেটি দেখার জন্য এসেছি। কিন্তু আসার পর কয়েক দিন ধরে অপেক্ষা করেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি না।”- একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন ঢাকা থেকে আসা ভ্রমণপিপাসু পর্যটক সারোয়ার আলম।
শারদীয় দুর্গাপূজা ও টানা ছুটিতে হিমালয়ের বরফঢাকা পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। তবে কাঞ্চনজঙ্ঘা দেখার প্রত্যাশা নিয়ে তেঁতুলিয়ায় এসে দেখা না পাওয়ায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে।
পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ছবি দেখে তারা ছুটে আসছেন তেঁতুলিয়ায়। কিন্তু অনুকূল আবহাওয়া ও পরিষ্কার আকাশের অভাবে কাঙ্ক্ষিত পর্বতশৃঙ্গটি দেখতে না পেয়ে তাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। ফলে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় এসে মেঘে ঢাকা পাহাড় দেখেই ফিরছেন পর্যটকরা।
কাঞ্চনজঙ্ঘা দেখা না যাওয়ার কারণ হিসেবে আবহাওয়া অফিস বলছে, এটা অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল। আকাশ পরিষ্কার থাকলে তেঁতুলিয়া থেকে দূরের বরফঢাকা পর্বতশৃঙ্গটি স্পষ্ট দেখা যায়। কিন্তু মেঘ ও কুয়াশা থাকলে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত দৃশ্যের দেখা পাওয়া যায়না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলছেন, চলতি অক্টোবর মাসের শেষ দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় আকাশে মেঘ, জলীয় বাষ্প ও ধোঁয়াশা বেশি থাকে; যা দৃষ্টিসীমা কমিয়ে দেয়। তাই এ সময়ে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম।
শুক্রবার তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলো এলাকা, মহানন্দা নদীর তীরসহ আশপাশের খোলা জায়গাগুলোতে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখার আশায় ভিড় করেন হাজারো দর্শনার্থী। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ দলবেঁধে ঘুরতে এসে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরা ও মোবাইলফোনে ধারণ করেন।
কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।
স্থানীয় আশরাফুল ইসলাম বলেন, “কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আকাশ মেঘমুক্ত থাকলে প্রতি বছর অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন স্থানসহ তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে সবচেয়ে সুন্দর দেখা মিলে পর্বতটির।
“কিন্তু এ বছরের অক্টোবরের শেষ দিকে এসেও পর্বতটির দেখা মিলছে না। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় রয়েছি।”
পূজার ছুটিতে গাজীপুর থেকে পরিবার নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলেন সাকিল। কিন্তু কয়েকদিন অপেক্ষার পরও পর্বতশৃঙ্গটির দেখা না মেলায় হতাশা নিয়ে ফিরতে হচ্ছে বলে জানান তিনি।
একই হতাশার সুর রাজশাহী থেকে আসা দিল ফিরোজের কণ্ঠেও। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও সমতলের চা বাগান, মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টসহ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছেন।
এদিকে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন।
অপেক্ষার অবসার ঘটিয়ে নভেম্বরের শুরুতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন।
