ঋণ জালিয়াতি: ইসলামী ব্যাংকের এমডিসহ ২৬ জনকে দুদকে তলব
জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ শিপ ইয়ার্ডের হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ২৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার দুদক কার্যালয় থেকে চিঠি দিয়ে আগামী ১২, ১৩ ও ১৬ নভেম্বর ওই কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ড যে এক হাজার ৩০০ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে তার সঙ্গে এই ২৬ জনের যুক্ততার অভিযোগ রয়েছে।”
দুদকের নথিতে দেখা যায়, ইসলামী ব্যাংকের বর্তমান এমডি মো. আব্দুল মান্নানকে ১৩ নভেম্বর সাক্ষাৎকারের জন্য দুদকে তলব করা হয়েছে।
কাওরানবাজার শাখার তলবকৃত কর্মকর্তারা হলেন- বর্তমানে বহিষ্কৃত ওই শাখার প্রধান ও সাবেক এসভিপি/ ইভিপি মো. নুরুল ইসলাম, শাখার ভিপি এবং সাবেক এভিপি ও সেকেন্ড অফিসার কাজী মঈনুদ্দিন খাদেম, মৌলভীবাজার শাখার ভিপি এবং এই শাখার সাবেক ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. মিজানুর রহমান ভুইয়া, নিউমার্কেট শাখার এভিপি এবং ওই শাখার সাবেক এসপিও অ্যান্ড ইনভেস্টমেন্ট অফিসার মো. মুসলেহ উদ্দিন, বর্তমানে গুলশান সার্কেল থানার ভিপি এবং ওই শাখার সাবেক এসপিও অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ আলিমুর রহমান, বর্তমানে এভিপি এইচওসিবি এবং শাখার সাবেক এভিপি অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, বর্তমানে লোকাল অফিসের এভিপি এবং শাখার সাবেক এসপিও ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মো. মনির হোসেন এবং বর্তমানে টঙ্গী শাখার পিও এবং শাখার সাবেক কর্মকর্তা এ কে এম বোরহান উদ্দিন।
আগামী ১২ নভেম্বর ইসলামী ব্যাংক কাওরান বাজার শাখার এই আট কর্মকর্তাসহ ঢাকা সেন্ট্রাল জোনের সাবেক ইভিপি এবং শাখা প্রধান (বর্তমানে ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং এর ডিএমডি) ইঞ্জিনিয়ার মো. আবুল বাশারকেও তলব করা হয়েছে।
আগামী ১৩ নভেম্বর ইসলামী ব্যাংকের এমডি ছাড়াও প্রধান কার্যালয়ের ১৩ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে।
এরা হলেন- অবসরপ্রাপ্ত ব্যাংকের প্রধান শাখার সাবেক ইপি মো. ফরিদউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত ডিও এটিএম হারুন অর রশিদ চৌধুরি, বর্তমান ডিএমডি ও সাবেক অপারেটিং উইং মো. সামশুল হক, অবসরপ্রাপ্ত সাবেক ইভিপি সেতাউর রহমান, ডিএমডি (নাইজেরিয়ায় ডেপুটেশনে) মো. নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সাবেক ইভিপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, ইভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, এসভিপি (ইঞ্জিনিয়ারিং ডিভিশন) ইঞ্জিনিয়ার মঈজ উদ্দিন, মো. হাসনাইন আবিদ (ভিপি, সিআইডি-২ হেড অফিস), অবসরপ্রাপ্ত সাবেক এভিপি মো. দেলোয়ার হোসেন, এভিপি মো. মাহমুদ হাসান খান এবং অবসরপ্রাপ্ত সাবেক এসও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।
১৬ নভেম্বর কাওরানবাজার শাখার আরো চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
দুদকের এক কর্মকর্তা বলেন, আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাহাজ রপ্তানির নামে ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে একহাজার ৩০০ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজ রপ্তানিসংক্রান্ত কোনো রকম পূর্ব অভিজ্ঞতা এবং এতো টাকা ঋণ নেওয়ার মতো পর্যাপ্ত জামানত আনন্দ শিপইয়ার্ডের ছিল না। ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এই বিপুল পরিমান টাকা ‘হাতিয়ে’ নেওয়া আনন্দ শিপইয়ার্ডের পক্ষে সম্ভব হতো না।”
চলতি বছরের এপ্রিল থেকে আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে ঋণ জালিয়াতির এই অনুসন্ধান শুরু করেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাওরানবাজার শাখাসহ মোট ১৪ টি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এই জালিয়াতির ঘটনা ঘটেছে, যার মধ্যে সাতটি ব্যাংক এবং সাতটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।
ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (কাওরান বাজার শাখা), এবি ব্যাংক (কাওরানবাজার শাখা), মার্কেন্টাইল ব্যাংক (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখা), ওয়ান ব্যাংক লিমিটেড (মতিঝিল শাখা), জনতা ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, হজ ফাইন্যান্স কোম্পানী লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
