গাড্ডায় ইউনাইটেড এয়ারের শেয়ার
অর্থাভাবের কথা বলে ইউনাইটেড এয়ারওয়েজ ফ্লাইট চালানো বন্ধ করে দেয়ার পরদিন বড় ধরনের হোঁচট খেয়েছে বেসরকারি এ বিমান পরিবহন সংস্থার শেয়ার।
বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ারের দাম আগের দিনের ১১ টাকা ৮০ পয়সা থেকে প্রায় ৬ শতাংশ কমে ১০ টাকা ৯০ পয়সায় নেমে আসে। কোম্পানির বাজার মূলধন এক দিনেই ৫১ কোটি টাকা কমে হয় ৬১৯কোটি টাকা।
বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এক সময় ইউনাইটেডের শেয়ারের দাম কমতে কমতে সার্কিট ব্রেকারে গিয়ে ঠেকে। নিয়ম অনুযায়ী কোনো শেয়ারের দাম ১০ শতাংশের বেশি ওঠানামা করলে এই সার্কিট ব্রেকার কার্যকর হয়। এ কারণে প্রায় ঘণ্টাখানেক এ শেয়ারের শেয়ার কেনা বন্ধ থাকে।
অবশ্য বিকালের অংশে দাম সামান্য বাড়লে আরো কিছু কেনাবেচা হয়।
এদিকে নিয়ম থাকলেও ইউনাইটেড কর্তৃপক্ষ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে তাদের ফ্লাইট বন্ধ রাখার বিষয়ে কিছু জানায়নি।
বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টায় ইউনাইটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহিনুর আলম তাদের ধৈর্য্য ধরতে অনুরোধ করে বলেছেন, কোম্পানি বন্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই।
অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক কয়েকটি রুটে সাত বছর ধরে ফ্লাইট চালিয়ে আসা ইউনাইটেডের যাত্রীসেবার মান নিয়ে বরাবরই অভিযোগ ছিল।
কোম্পানির প্রতিষ্ঠাকালীন চেয়াম্যান তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের খবর গত মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হলে বিনিয়োগকারীদের মধ্যে তখনই গুঞ্জন শুরু হয়ে যায়, শেয়ারপ্রতি দর পড়ে যায় ৩০ পয়সা।
চেয়ারম্যানের পদত্যাগের পর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আর্থিক হিসাবসহ যাবতীয় বিষয় বুঝে উঠতে না পারায় বুধবার সন্ধ্যায় ইউনাইটেডের সব ফ্লাইট বন্ধের ঘোষণা আসে।
তালিকাভুক্ত কোনো কোম্পানি কার্যক্রম বন্ধ করে দিলে বিষয়টি স্টক এক্সচেঞ্জে জানানোর নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা করা হয়নি বলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি সৈয়দ সাজিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জানানো হলে তা আমরা সাথে সাথে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতাম ।”
ডিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ কোম্পানির প্রায় ৭৪ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৭ শতাংশ। ইউনাইটেডের পরিচালকদের হাতে আছে মাত্র ৮ শতাংশ শেয়ার, যদিও এর পরিমাণ অন্তত ৩০ শতাংশ হওয়ার নিয়ম।
বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই ইউনাইটেডের শেয়ার বিক্রির হিড়িক পরে যায়। ১১ টাকা ৮০ পয়সায় দিন শুরুর পর এক পর্যায়ে তা ১০ টাকা ৭০ পয়সায় নেমে আসে এবং ১০ শতাংশ দাম কমে যাওয়ায় সার্কিট ব্রেকার কার্যকর হয়।
তবে পরে সামান্য বেশি দামে কিছু শেয়ার লেনদেন হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরীর বলেন, “আজ আনেকক্ষণ ইউনাইটেড এয়ারের শেয়ারের কোনো ক্রয় আদেশ ছিল না। যাদের হাতে এই শেয়ার আছে, তারা বিপদে পড়ে গেছেন বলে মনে করছেন।”
পুঁজিবাজারের বিনিয়োগকারী জানে আলম বলেন, “বাজার যে সময় ঘুরে দাঁড়াতে যাচ্ছে সে সময় এ ধরনের খবরে আস্থার সঙ্কট দেখা দিতে পারে। আমার বিনিয়োগকারীরা একাটি কর্মসূচি নেয়ার কথা ভাবছি।”
নুরুল আমিন আখন্দ নামের আরেক বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “এ ধরনের ঘটনা ঘটলে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উচিৎ এ বিষয়ে ব্যবস্থা নেয়া।”
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ২০০৫ সালে ইউনাইটেড এয়ারওয়েজকে বিমান পরিচালনা করার লাইসেন্স দেয়। তার দুই বছর পর যাত্রী পরিবহন শুরু করে বিমান সংস্থাটি।
বকেয়া পাওনা পরিশোধের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি কয়েক দফা সময় বেঁধে দেয় ইউনাইটেড এয়ারওয়েজকে। তারপরও তা পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলেরও হুমকি দেয়া হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটির মোট বকেয়ার পরিমান ৮৪ কোটি টাকা।
মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এক নোটিসে জানানো হয়, গত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ।
