মাগুরায় বাংলালিংকের থ্রিজি উদ্বোধন করলেন সাকিব
নিজের জেলা মাগুরায় বাংলালিংকের থ্রিজি সেবা উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জেলার ডিসি মোড় এলাকার বাংলালিংক পয়েন্ট থেকে একটি র্যালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক থ্রিজি সেবা চালু করা হয়।
থ্রিজি ব্র্যান্ডসমৃদ্ধ কারাভ্যান, ঘোড়ার গাড়ি এবং প্যাডেল ভ্যান নিয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান , যিনি বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।
এছাড়াও বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অফ মাস মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান, রিজিওনাল কর্মাশিয়াল হেড মো. বাবুল হক, মার্কেটিং বিভাগের পিআর অ্যান্ড কমিউনিকেশনস অ্যাসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম শাফিন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
গত বছর অক্টোবরে বাণিজ্যিকভাবে থ্রিজি এর যাত্রা শুরু করে বাংলালিংক। এরইমধ্যে রাজধানী ঢাকা, খুলনা, বন্দরনগর চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া, রংপুর, যশোর, রাজশাহী, কুমিল্লা এবং কক্সবাজারে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে মারুফ মিজান বলেন, ‘‘বাংলালিংক সব সময়ই তার প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্য নতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। সে অনুযায়ী অধিকতর উন্নত মানের সেবা দিতেই মাগুরায় উদ্বোধন করা হলো থ্রিজি সেবা।”
নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংকের দেশব্যাপী প্রায় দুই কোটি ৯০ লাখ গ্রাহক রয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।
