পুঁজিবাজার ঊর্ধ্বমুখী
নির্বাচনের পর তৃতীয় সপ্তাহের মত দেশের দুই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে।
রোববার সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে ওঠে।
এদিন ডিএসইতে হাতবদল হয় প্রায় ৭০৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৬৪ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা বেশি লেনদেন হয়।
এদিন সিএসইতে ৬৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিনশেষে সিএসই সূচকও ৯০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৭৮ পয়েন্টে ওঠে।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬৭টির দাম বেড়েছে, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১২ পয়েন্ট হয়েছে।
নির্বাচনের পরে গত দুই সপ্তাহে ডিএসইতে প্রায় ২০৫ পয়েন্ট সূচক বেড়েছে। দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে ছিল ৬৫২ কোটি টাকা, আগের সপ্তাহে ছিল ৪৫৭ কোটি টাকা ।
এর আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, গড়ে দৈনিক লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।
নির্বাচনের ঠিক আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি টাকা ।
তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২০০ পয়েন্ট। এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।
গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড় লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।
