২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আইটি মার্কেটিং ফোরাম ৮ জুলাই

প্রথবারের মতো দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিপনন বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ জুলাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

‘আইটি মার্কেটিং ফোরাম’ নামে দিনব্যাপী রাজধানীর র‌্যাডিসন হোটেলে এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

ফোরামে দেশের ও দেশের বাইরের বিপনন বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন বলে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বেসিসের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামে মোট চারটি অধিবেশন থাকছে। এর মধ্যে আছে- আইটি শিল্পের জন্য বিপনন ও যোগাযোগ, বিপনন: বিনিয়োগ নাকি ব্যয়, আইটি ব্র্যান্ডের শক্তি এবং বাংলাদেশ নেক্সট: দেশের ব্র্যান্ডিংয়ের প্রেক্ষিত।

গুগল, ইয়াহু, গ্রে, ক্যাসপারস্কিসহ দেশি-বিদেশি খ্যাতনামা ব্র্যান্ডগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা অধিবেশনগুলোতে অভিজ্ঞতা বিনিময় করবেন।

সংবাদ সম্মেলনে আইটি মার্কেটিং ফোরামের আহ্বায়ক ও বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ বলেন, আইটি কোম্পানিগুলোতে কর্মরত ব্যক্তিদের মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে আইটি পণ্য ও সেবা বিপননের ধারণা তৈরি, দক্ষতা বৃদ্ধি করতে এবং বিদেশি বিনিয়োগকারীদের সামনে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকেও সঠিকভাবে উপস্থাপনের কৌশল শেখাতেই এই ফোরামের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের তথ্যপ্রযুক্তি বাজারের আনুমানিক আকার ২৫০০ কোটি টাকা এবং এখাতে ৭০ হাজার শিক্ষিত জনবল কাজ করছে। সারাবিশ্বে এ বাজারের আকার ৪০০ বিলিয়ন মার্কিন ডলার।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি একেএম ফাহিম মাশরুর, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান ও জিপিআইটির চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রনি রিয়াদ রশীদ।