ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়্যারলেস ব্রডব্যান্ড অপারেটর কিউবি বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফায়সাল হায়দার। তিনি বিদায়ী সিইও জেরি মবসের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার কিউবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিদায়ী সিইও জেরি মবস বলেন, ‘‘বাংলাদেশে কিছু প্রতিভাবান মানুষের সাথে কাজ করা আমার জন্য ছিল অত্যন্ত আনন্দের বিষয়। আমার দায়িত্ব স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত দলের হাতে দিয়ে আমি গর্ববোধ করছি।”
ফায়সাল হায়দার গত ২০ বছরেরও বেশি সময় ধরে সফলতার সাথে ব্যাংকিং ও টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে কাজ করে আসছেন। এর মধ্যে তিনি ১০ বছরেরও বেশি সময় তিনি টেলিযোগাযোগ খাতে বিভিন্ন কৌশলগত ও শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করেন।
কিউবি বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োজিত ছিলেন ফায়সাল হায়দার। এ ছাড়াও তিনি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
ফায়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউবির ইন্টারনেট ব্যবহারকারীরা বাংলাদেশের মোট ব্যান্ডউইড্থের ২০ শতাংশ ব্যবহার করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৭৩৯ ঘ.
bdnews24