২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মুদ্রানীতি আগের আদলেই

আগের মুদ্রানীতি ‘ইতিবাচক’ ফল দেওয়ায় তার আলোকেই আগামী ১৮ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 06:51 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথমার্ধের মুদ্রানীতি যথেষ্ট কার্যকর ছিল দাবি করে এর আদলেই নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানুয়ারি-জুন মুদ্রানীতির ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। মূল্যস্ফীতি তিন মাস ধরে কমছে। বিলাসবহুল ও অপ্রয়োজনীয় পণ্য আমদানি কমছে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রবাহ খুবই ইতিবাচক। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে। বিদেশি সাহায্য বেড়েছে। বেড়েছে সরাসরি বিদেশি বিনিয়োগও।” জানুয়ারি-জুন মুদ্রানীতির ফলেই অর্থনীতির এই সূচকগুলোতে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে আতিউর বলেন, “বলা যায়, আগের মুদ্রানীতি ভালোভাবেই কাজ করেছে। আর সে বিষয়টি বিবেচনায় রেখেই এর আদলেই জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করা হবে।” আগামী ১৮ জুলাই বছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে গভর্নর জানান। “চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জনের লক্ষ্যকে সামনে রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। একই সঙ্গে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে,” বলেন আতিউর। গত তিন মাস ধরে মূল্যস্ফীতি এক অংকের ঘরে রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, “নতুন বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সে লক্ষ্যকে সামনে রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করবে।” সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে সাড়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, “রেমিটেন্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। নতুন মুদ্রানীতিতেও সেটা অব্যহত থাকবে।” বিলাসবহুল ও অপ্রয়োজনীয় আমদানি এবারও নিরুৎসাহিত করা হবে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, “২০১০-১১ অর্থবছরে আমদানি খাতে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ৪২ শতাংশ। বিদায়ী অর্থবছরে তা ৭ শতাংশের নীচে নেমে আসবে বলে আমরা আশা করছি।” গভর্নর বলেন, “গত অর্থবছরে বিদেশি সাহায্য প্রবাহ বেড়েছে প্রায় ২০ শতাংশ। সরাসরি বিদেশি বিনিয়োগের গতিও বেশ ভালো। পাশ্ববর্তী দেশ ভারতসহ সব দেশেই যেখানে ডলারের বিপরীতে মুদ্রার মান কমছে। আমাদের এখানে তখন টাকার মান বাড়ছে। গত চার-পাঁচ মাস ধরেই ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে।” কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮১ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়েছে। আতিউর রহমান জানান, মুদ্রানীতি নিয়ে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। তাদের মতামত-পরামর্শ নতুন মুদ্রানীতিতে প্রতিফলিত হবে। জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি এক অংকের ঘরে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) জুন মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। মে ও এপ্রিল মাসে এ হার ছিল যথাক্রমে ৯ দশমিক ১৫ ও ৯ দশমিক ৯৩ শতাংশ। আতিউর রহমান বলেন, “প্রধান সূচকগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের অর্থনীতি ভালোর দিকেই যাচ্ছে। বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও গত অর্থবছরে রপ্তানি আয়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের ৪২ শতাংশ প্রবৃদ্ধির ওপর এই প্রবৃদ্ধি কোনো অংশেই কম নয়।” “অন্য সূচকগুলোও ইতিবাচক। কিছুদিন আগেও অর্থনীতিতে যে সংকটের আশংকা করা হচ্ছিল। সেটা কেটে গেছে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে”, যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১২২৮ ঘ.