২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের পাইকারি দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

চলতি বছরেই তৃতীয় দফা বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর এ প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের পর এবার বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম গড়ে ৫০ শতাংশ বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে বলা হয়েছে, নতুন দাম কার্যকর হলে বিদ্যুতের খুচরা দামও ৩০ শতাংশ বাড়ানোর প্রয়োজন হতে পারে। এই প্রস্তাব কার্যকর হলে চলতি বছরই তৃতীয় দফায় পাইকারি ও খুচরা দাম বাড়বে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য সেলিম মাহমুদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সেলিম বলেন, “পিডিবির প্রস্তাবের ওপর উন্মুক্ত সভা ও গণশুনানি শেষে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।” গত ২৪ মে গৃহস্থালি ছাড়া সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর জন্য বিইআরসির কাছে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। বিদ্যুতের পাইকারি দাম প্রতি ইউনিট চার টাকা ০২ পয়সা থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ছয় টাকা ০৩ পয়সা করার জন্য পিডিবির নতুন প্রস্তাবে বলা হয়েছে। এতে আরো বলা হয়, নতুন এ দাম কার্যকর না হলে আগামী অর্থবছরে ১২ হাজার কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে। আর কার্যকর হলে সাড়ে তিন হাজার কোটি টাকার মতো লাগবে। প্রস্তাব প্রসঙ্গে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব দেওয়া হয়েছে।” তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে ৫ টাকা ৫০ পয়সা। আগামী বছর তা বেড়ে ৬ টাকা ৮৭ পয়সার মতো হবে। প্রস্তাবে জুলাই মাসের ১ তারিখ থেকে নতুন দাম কার্যকর করার কথা বলা হয়েছে বলে জানান পিডিবির চেয়ারম্যান। বর্তমানে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় জ্বালানি তেল (ডিজেল ও ফার্নেস অয়েল) থেকে। বাকি বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস, কয়লা ও জল (হাইড্রো) থেকে। পিডিবি একক ক্রেতা হিসেবে ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি), ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি লিমিটেড (ইজিসিবি) ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে। এই বিদ্যুৎ পাইকারি গ্রাহক ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও আরইবির কাছে এবং নিজস্ব বিতরণ অঞ্চলে খুচরা গ্রাহকের কাছে বিইআরসির নির্ধারিত দামে বিক্রি করে পিডিবি। সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম যথাক্রমে প্রতি ইউনিট গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা বাড়ানো হয়। যা ১ মার্চ থেকে কার্যকর হয়। এ নিয়ে চলতি বছরেই দুই দফায় পাইকারি ও খুচরা দাম বাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২০৩৫ ঘ.