২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসে আড়াই কোটি টাকা জরিমানা আদায়

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে ৪৩টি শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২ কোটি ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছিল, এর মধ্যে আদায় হয়েছে ২ কোটি ৬১ হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশের ক্ষতি করায় বিভিন্ন শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের কাছ থেকে গত জানুয়ারিতে আড়াই কোটি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নদী-লেক দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, পাহাড় কাটা, খাল দখল, অবৈধ ইটভাটা বন্ধে স¤প্রতি অভিযান জোরদার করে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর তত্ত্বাবধানে জেলা কার্যালয়গুলোর সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। তবে তৈরি পোশাক শিল্পমালিকদের তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ দুই সপ্তাহ আগে এক যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযান নিয়ে প্রশ্ন তোলে। অধিদপ্তর জানায়, জানুয়ারি মাসে ৪৩টি শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে ২ কোটি ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাছে দাবি করা হয়েছিল ২ কোটি ৯৭ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কুমিল্লা জেলায় জানুয়ারি মাসে ১৩টি অভিযান চালানো হয়। ১১টি ডাইং কারখানা, ১৭টি ইটভাটা, ১টি আবাসন প্রকল্প, ৪টি ওয়াশিং কারখানা, ১টি টেক্সটাইল মিল, ১টি হাসপাতালের মাধ্যমে পরিবেশ দূষণ এবং ৩টি খাল দখল ও ভরাটের ঘটনা এবং পাহাড় কাটার ১টি ঘটনার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৫টি অবৈধ ইটভাটা বন্ধ ও দুটি উচ্ছেদ করা হয় বলে অধিদপ্তর জানিয়েছে। জব্দ করা হয় সাড়ে ৪ লাখ ইট, পাম্প মেশিন ও অন্যান্য সামগ্রী। এছাড়া, গত এক মাসের এ অভিযানে চট্টগ্রামের বোয়ালিয়া ও সংলগ্ন খাল-জলাশয় ভরাট এবং নারায়ণগঞ্জের বাবুরাইল খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ঢাকার বাড্ডায় সাতারকুল খালের অবৈধ ভরাট কার্যক্রমও বন্ধ করা হয়। অন্যদিকে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেড প্রকল্প এলাকায় অবৈধ পাহাড় কাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তুরাগ নদীর তীরবর্তী গ্রামীণ জনপদ ও রাস্তা থেকে মাটি কেটে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া, একটি অবৈধ কোম্পানির অবৈধ কার্যক্রমও এ অভিযানে বন্ধ করে দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭৪১ ঘ.