শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন ৮৫টি প্রতিষ্ঠানকে টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্স দেওয়া হলে বাজারের ভারসাম্য নষ্ট হবে বলে আশংকা প্রকাশ করেছেন বর্তমান অপারেটররা।
অপারেটররা বলছেন, এত লাইসেন্স দেওয়া হলে বাজারে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে এবং বাজারে আসার পর অনেক প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে।
এর আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) জানিয়েছে, এত লাইসেন্স দেওয়া হলে টেলিকম খাতে বাজার ভারসাম্য নষ্ট হবে।
ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২৫টি, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২১টি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৯টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে বৃহস্পতিবার বিটিআরসিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
আইআইজি অপারেটর ম্যংগো টেলিসার্ভিসেস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩৯টি আইআইজি লাইসেন্স দেয়া হলে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। ব্যান্ডইউথ বিক্রির জন্য প্রতিযোগিতা তৈরি হওয়ার পর অনেক প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্থ হবে। তাছাড়া আইআইজির মাধ্যমে ব্যান্ডইউথ এর পরিবর্তে ভয়েস গেলে তার নজরদারি করাও কঠিন হয়ে পড়বে।”
বর্তমানে আইআইজি সেবা দিচ্ছে কেবল ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেড এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করা এ সেবার মূল কাজ।
আইএসপি এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মো. আকতারুজ্জামান মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন বাজারের তুলনায় অতিরিক্ত লাইসেন্স দেয়া হচ্ছে, এর ফলে বাজারে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে। আগামী ১৫ বছর পর এ ধরনের চাহিদা তৈরি হতে পারে।
আইআইজিগুলো মূলত মধ্যসত্বভোগী হিসেবে কাজ করে উলে¬খ করে মঞ্জু বলেন, অতিরিক্ত লাইসেন্স দেয়া হলে ব্যান্ডইউথ বিক্রির জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে।
আইসিএক্স অপারেটর এমঅ্যান্ডএইচ এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২১টি আইসিএক্স লাইসেন্স দেওয়া হলে তা একটি হাস্যকর ব্যাপার হয়ে দাড়াবে। বাজারে বর্তমানে ৬টি মোবাইল অপারেটর রয়েছে। এতগুলো লাইসেন্স দেয়া হলে কে কতগুলো আন্ত:সংযোগের কাজ পাবে তা নিয়ে অনিশ্চয়তা শুরু হবে।”
আইসিএক্স হলো বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা। বর্তমানে এ সেবা দিচ্ছে বিটিসিএল, গেটকো ও এমঅ্যান্ডএইচ।
টেলিযোগাযোগ খাতের অবস্থা স্থিতিশীল রাখতে ২১টির পরিবর্তে দুই-একটি নতুন লাইসেন্স দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন মুস্তাফিজুর রহমান।
আইসিএক্সগুলো আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল ও বাংলা ট্র্যাক আইজিডব্লিউ সেবা দেয়।
নতুন ২৫টি লাইসেন্স দেওয়ার প্রস্তাবের বিষয়ে আইজিডব্লিউ অপারেটররা মন্তব্য করতে রাজি হননি।
তবে এসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটর (এমটব) মহাসচিব আবু সাইদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এত বেশি লাইসেন্স দেওয়া হলে টেলিযোগাযোগ ক্ষেত্র অনিশ্চয়তা দেখা দেবে। কোনো সভ্য দেশে এত বেশি ইন্টারন্যাশনাল গেটওয়ে দেয়ার এ ধরনের নজির নেই।
বিটিআরসির সঙ্গে টানাপড়েনের পর গত বৃহস্পতিবার টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্সের জন্য ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূাড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে একাধিক অংশীদারিত্ব থাকলে তা বিবেচনা করতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই প্রতিষ্ঠান যদি একাধিক লাইসেন্সের জন্য মনোনীত হয় বা একই ব্যক্তির বিভিন্ন লাইসেন্সে অংশীদারিত্ব থাকে, তাহলে তাকে একাধিক লাইসেন্স না দিয়ে একটি মাত্র দেওয়া হবে।
লাইসেন্স দেওয়ার জন্য মন্ত্রণালয়ের চূড়ান্ত ক্ষমতা থাকলেও এ বিষয়ে বিটিআরসিকে মূল্যায়ন করে তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে টেলিযোগাযোগ সচিব জানান।
বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, “এই পরিমাণ লাইসেন্স দেওয়া হলে টেলিকম সেক্টরের ভারসাম্য নষ্ট হতে পারে।”
সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তবে বিটিআরসির আপত্তির বিষয়ে মন্ত্রণালয়ের সচিব সুনীল বলেছিলেন, “প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করার পর এর সংখ্যা কমে আসবে, তাই এই (বাজার ভারসাম্যহীনতা) ধরনের আশঙ্কা নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬০০ ঘ.
bdnews24