২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অস্থিরতা: প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে

পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে দিয়েছে। বিকালে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 04:02 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে দিয়েছে। বিকালে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মন্ত্রী। কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বৃহস্পতিবার সকালে হেয়ার রোডে মন্ত্রীর বাড়িতে গিয়ে প্রতিবেদনটি দাখিল করেন। প্রতিবেদনে কী রয়েছে- জানতে চাওয়া হলে ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে আমি কিছু বলবো না। মন্ত্রী বিকালে সাংবাদিকদের ব্রিফ করবেন।" গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ইব্রাহিমকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হচ্ছে, পুঁজিবাজারে অস্থিরতার জন্য ৩০০ ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম বলেন, "ব্যক্তি নিয়ে আমাদের কোনো হেডেক (মাথাব্যথা) নেই। মার্কেট যেন ভালো হয়, সে সুপারিশ আমরা করেছি।" তদন্ত কমিটি অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে- এ কথা জেনে সাংবাদিকরা মন্ত্রণালয়ে থাকলেও প্রতিবেদন নিয়ে সরাসরি মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাড়িতে যায় তদন্ত কমিটি। সকাল সাড়ে ৯টার দিকে তদন্ত কমিটির সদস্যরা তাদের প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদ্যদের সময় দেওয়া হয় দুই মাস। ২৫ জানুয়ারি চার সদস্যের কমিটির প্রধান হিসেবে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর পরদিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক প্রজ্ঞাপন জারি করে কমিটির অন্য দুই সদস্যের নাম ঘোষণা করে। এরা হলেন- বিআইবিএম'র মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও আইসিএবি'র সাবেক সভাপতি মো. আব্দুল বারী। পরে ব্যারিস্টার নিহাত কবিরকেও কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইব্রাহিম খালেদকে উদ্ধৃত করে বলা হয়, আওয়ামী লীগ-বিএনপির ১০ থেকে ১৫ জন ব্যবসায়ী-রাজনীতিক শেয়ারবাজার থেকে ১৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন। কিন্তু এই টাকাটা তারা আর কোনোদিন বিনিয়োগ করবেন না। তদন্ত কমিটির প্রধান হিসেবে নাম ঘোষণার পর এ বিষয়ে জানতে চাওয়া হলে ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আগে আমি যেসব মন্তব্য করেছি তা পত্রিকা পড়ে জেনেছি। আপনাদের (সাংবাদিক) কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে শুনে বিশ্বাস করে বলেছি। ওগুলো আমার ব্যক্তিগত মতামত। "তদন্তের সময় আমার আগের কথাগুলো ভুলে যাবো। প্রি-কনসিভড আইডিয়া থেকে কিছু বলবো না। ফ্যাক্টস ফাইন্ডিং করবো। তারপরই বলবো।" টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে ২৩ জানুয়ারি দুই দফা বৈঠকের পর অর্থমন্ত্রী তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/এমআই/১১১১ ঘ.