ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা উইমেন চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি (ডিডব্লিউসিসিআই)।
মঙ্গলবার সকাল পৌনে ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিডব্লিউসিসিআই নির্বাহী সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের নারী উদ্যক্তাদের সাবলম্বী করার পাশাপাশি এ প্রতিষ্ঠান দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য দেশের বাইরে বাজারজাত করবে।
এর পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য জামদানি/মসলিন, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল সিল্ক এবং কুমিল্লার খাঁদি শিল্প রক্ষার্থে এবং এগুলাকে পুনরুজ্জীবিত করতেও কাজ করবে প্রতিষ্ঠানটি।
বক্তারা জানান, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোয় নারীদের অংশগ্রহণ ও নারীদের বিভিন্ন সমস্যায় আইনি সহায়তা দেওয়া, এস. এম. ই লোন পাওয়ার ব্যাপারে সাহায্য ও উপদেশ দেওয়া, প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদের বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে সহায়তা এবং তাদের পণ্য বাজারজাত করার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।
বক্তারা জানান, আগামী ১০ মার্চ হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নবগঠিত নির্বাহী কমিটির সভনেত্রী নাজ ফাহানা আহমেদ, সহ-সভানেত্রী (১) সাজেদা মিনহাজ মুকুল, সভানেত্রী (২) শরীফ সীন শেমবীল, সাধারণ সম্পাদিকা বীণা আহমেদ, কোষাধক্ষ্য ফওজিয়া আমিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২১৩৪ ঘ.
bdnews24