২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক পড়লেও লেনদেন বেড়েছে

দিনভর ওঠানামার পর সূচক পতনের মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে মঙ্গলবার। সেইসঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দাম। তবে গত কয়েক দিনের তুলনায় লেনদেন বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠানামার পর সূচক পতনের মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে মঙ্গলবার। সেইসঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দাম। তবে গত কয়েক দিনের তুলনায় লেনদেন বেড়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক (ডিজিইএন) গত দিনের চেয়ে ২১৬ দশমিক ২৩ পয়েন্ট বা ৩ দশমিক ৩৮ শতাংশ কমে ৬১৭৩ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়ায়। এদিন মোট ৯৬২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর আগের কার্যদিবসে (রোববার) ডিএসইতে মোট ৫৭৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির শেয়ারের মধ্যে ২২৪টি শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র ২৮টির দাম। ব্যাংক, বীমা, সিমেন্ট, বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ, বস্ত্র ও ওষুধ খাতের প্রায় বেশির ভাগ শেয়ারের দাম কমেছে এদিন। ব্যংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানেরর শেয়ারগুলোর ক্ষেত্রে পরিস্থিতি ছিল মিশ্র। এই খাতে লেনদেন হওয়া ২১টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম কমেছে ১০টির, বেড়েছে ১১টির। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান ব্যবস্থাপক ইওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকের ওঠানামার পেছনে বিনিয়োগকারীদের মুনাফা তুলের নেওয়ার প্রবণতাই দায়ী। তবে বাজার স্বাভাবিক আচরণ করেছে।" "গতদিন সাধারণ সূচক ৪০০ পয়েন্টেরও বেশি বেড়ে যাওয়ার পর ৩ শতাংশ কমে আসা অস্বাভাবিক কিছু নয়। আজ বাজার থেকে অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করেছেন," যোগ করেন তিনি। সাঈদ বলেন, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে আরো কিছু সময় লাগবে। মঙ্গলবারের বাজার পরিস্থিতি সম্পর্কে ডিএসই সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, "আজ সূচকে অনেক ওঠা-নামা থাকলেও, লেনদেন বেশি। এটা বাজার স্বাভাবিক হয়ে আসার লক্ষণ।" চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও মঙ্গলবার (সিএসই) গতদিনের চেয়ে সূচক কমে এসেছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। সিএসই সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) সূচক গত কার্যদিবসের চেয়ে ৩৪৭ দশমিক ১৭ পয়েন্ট বা ২ দশমিক ৯৯ শতাংম কমে দিন শেষে দাঁড়িয়েছে ১১২২৭ দশমিক ৬৭। লেনদেন হওয়া ১৯৪টি শেয়ারের মধ্যে ১৫৫টির দামই কমেছে, বেড়েছে ৩৬টির ও অপরিবর্তিত ছিলো ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই বাজারে সারাদিনে হাতবদল হয় মোট ১২৩ কোটি টাকার শেয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/জেকে/১৬২৬ ঘ.