২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের খবরে বিনিয়োগকারীদের বিক্ষোভ

শেয়ারের দরপতনের খবরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। ঘটনাস্থল থেকে জানাচ্ছেন লিটন হায়দার, আব্দুল্লাহ আল মুঈদ ও মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 08:17 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারের দরপতনের খবরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। ঢাকার পুঁজিবাজারে গত ৫ ডিসেম্বর দিনের লেনদেনে নতুন রেকর্ড হওয়ার দুই দিনের মাথায় এ ঘটনা ঘটলো। ওদিকে, দরপতনের খবরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চের (সিএসই) সামনে বুধবার দুপুর দেড়টায় বিক্ষোভ করেন কয়েকশ' বিনিয়োগকারী। বুধবার দুপুর ১২টার দিকে মতিঝিলে ডিএসই ভবনের সামনে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় ডিএসইর প্রধান ফটক। ২টার দিকে ফটক খুলে দেওয়া হলেও সামনে দাঙ্গা পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়েন রয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে ব্যবসায়ীরা রাস্তায় চেয়ার-টেবিল ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি তৎপরতায় দুপুর দেড়টার দিকে গাড়ি চলাচল শুরু হয়। তবে বিক্ষোভকারীরা ডিএসই ভবন ও সামনের রাস্তায় অবস্থান নিয়ে আছে। রাস্তায় গাড়ি চলাচল করলেও সংখ্যায় কম। গত ৫ ডিসেম্বর ঢাকার পুঁজিবাজারে দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের যে কোনো দিনের চেয়ে বেশি। এর আগে গত ৩০ অক্টোবর সর্বোচ্চ ৩ হাজার ২০৮ কোটি টাকা লেনদেন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএএম/এলএইচ/এজে/কেএমএস/১৪১৫ ঘ.