আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ০৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা ভালো হলে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সরকারের কোনো সমস্যা হবে না বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূচির সঙ্গে 'নতুন সরকারের নির্বাচনী ইশতেহারের' অনেক মিল রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
দুই বছর দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিদায়ী উপদেষ্টা বলেন, "দেশের অর্থনীতি এখন একটি দৃঢ় ভিত্তির ওপর রয়েছে। নতুন সরকারের জন্য তেমন কোনো সমস্যা হবে না।
"বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শুরু করে রাজস্ব আদায়, রপ্তানি আয়, বৈদেশিক সাহায্যসহ অর্থনীতির প্রধান সূচকগুলো বেশ ইতিবাচক। মূল্যস্ফীতি কিছুটা উদ্বেগজনক অবস্থায় ছিল, গত নভেম্বর মাসের হিসাবে সেটাও ৬ দশমিক ২১ শতাংশে (পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে) নেমে এসেছে।"- বলেন তিনি।
মির্জ্জা আজিজ মনে করেন, অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকটি ভালো থাকলে নির্বাচিত নতুন সরকার অন্তত এ খাতে কোনো সমস্যায় পড়বে না।
তিনি জানান, চলতি ২০০৮-০৯ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ের ক্ষেত্রে ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর আয়কর আদায়ের ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ।
আমদানি শুল্ক কমানোর কারণে অধিকাংশ দেশেই রাজস্ব আদায় কমেছে উল্লেখ করে রাজস্ব আদায় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আয়কর ও ভ্যাট (মূল্য সংযোজন কর) খাতে বেশি গুরুত্ব দিতে নতুন সরকারকে পরামর্শ দেন বিদায়ী উপদেষ্টা।
নতুন সরকার প্রসঙ্গে মির্জ্জা আজিজ আরও বলেন, "গত দুই বছরে অর্থনৈতিক ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার যেসব সংস্কার কর্মসূচি নিয়েছিল তার সঙ্গে নির্বাচিত নতুন সরকারের নির্বাচনী ইশতেহারের অনেক কিছুরই মিল আছে। এ সব কর্মসূচি বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতিতে ভালো ফল আসবে।"
অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী- এ প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, "চ্যালেঞ্জ তো থাকবেই। সব সরকারের জন্যই চ্যালেঞ্জ থাকে। নতুন সরকারকেও অভ্যন্তরীণ ও বাইরের (আন্তর্জাতিক) বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
"তবে আমি মনে করি, বৈদেশিক সাহায্যের দিকে নতুন সরকারকে বেশি মনোযোগ দিতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
নতুন সরকারকে কি দিয়ে যাচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, "দুই বছর দায়িত্ব পালনের সময় নানা ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন সমস্যা ছিল, তেমনি অভ্যন্তরীণ ক্ষেত্রেও নানা চড়াই-উৎরাই পেরুতে হয়েছে।
"বিশ্ববাজারে জ্বালানি তেল, সার, নির্মাণ সামগ্রীসহ সব ধরনের পণ্যের দাম রেকর্ড পরিমাণে বেড়ে গিয়েছিল। অন্যদিকে ২০০৭ সালে পরপর দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। ২০০৮ এ বন্যার কারণেও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।"
এ সব ক্ষতি কাটিয়ে উঠে তত্ত্বাবধায়ক সরকার অর্থনীতিকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়ে যাচ্ছে বলে দাবি করেন মির্জ্জা আজিজ।
তিনি বলেন, "এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, চালসহ সব ধরনের পণ্যের দামও বেশ কমে এসেছে। এ সব কারণে নির্বাচিত নতুন সরকার একটি স্বস্তিদায়ক পরিস্থিতিতে দায়িত্ব নিতে যাচ্ছে।"
নতুন সরকারকে জ্বালানি তেলের খাতে সাশ্রয় করা অর্থ বিদ্যুৎ খাতে বিনিয়োগের পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, "চলতি অর্থ বছরের বাজেট প্রণয়নের সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ছিল বেশ চড়া। সে কারণে তেল আমদানি খাতে ভর্তুকির জন্য মোটা অঙ্কের বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু এখন তেলের দাম অর্ধেকেরও বেশি কমে এসেছে। ওই খাতে সাশ্রয় হওয়া অর্থ বিদ্যুৎ খাতে বিনিয়োগ করা গেলে সবচেয়ে ভালো হয়।"
এর আগে গত ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে এক অনুষ্ঠানে একই পরামর্শ দিয়েছিলেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, "আমরা (তত্ত্বাবধায়ক সরকার) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬০০ কোটি ডলার রেখে যাচ্ছি। এর আগে কোনো সরকার এত বেশি রিজার্ভ রেখে গেছে বলে আমার মনে পড়ে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২০৩২ঘ.
bdnews24