ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতির কারণে গত আড়াই বছরে দেশের ৮ দশমিক ৫ শতাংশ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলে দাবি করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
তাদের হিসেবে, ২০০৫ সালে দেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করলেও এখন তা ৪৮ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে সোমবার বাংলাদেশের দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (অর্থবছর ২০০৮-০৯ থেকে ২০১০-১১) খসড়া দলিলের উপর পরামর্শক সভায় সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, "২০০৫ সালের পর দেশে কোনো খানা আয়-ব্যয় জরিপ হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এ জরিপের মাধ্যমে দারিদ্র্য হ্রাস বা বৃদ্ধি সংক্রান্ত তথ্য পাওয়া যায়। আমরা (সিপিডি) গবেষণা করে দেখেছি, ২০০৫ সাল থেকে ২০০৮ সালের মে পর্যন্ত দেশের ৮ দশমিক ৫ শতাংশ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। মূলত, মূল্যস্ফীতির কারণেই এটা হয়েছে। এ সময়ে চালের দাম বেড়েছে ৮০ শতাংশ। অন্য খাদপণ্যের দামও বেড়েছে।"
দ্বিতীয় পিআরএসপি'র খসড়া দলিলের সার-সংক্ষেপে বলা হয়েছে, ১৯৯১-৯২ সালে দেশের ৫৬ দশমিক ৬ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করত। ২০০০ সালে তা কমে ৪৮ দশমিক ৯ শতাংশে নেমে আসে। ২০০৫ সালে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা আরো কমে ৪০ শতাংশে নেমে আসে।
তবে এর পরের তথ্য দলিলে উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অর্থনীতিবিদ আতিউর রহমান, এম এম আকাশ, আবুল বারকাত, সাজ্জাদ জহির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী, শেখ মকসুদ আলী, অধ্যাপক আশরাফ চৌধুরী, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা জাহেদী সাত্তার, শাহীন আনাম, রঞ্জন কর্মকার প্রমুখ।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, "গত কয়েক বছরে আমরা কাক্সিক্ষত জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি। কিন্তু সেই প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনে কতোটা ভূমিকা রেখেছে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যদি প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনে তেমন অবদান না রাখে তাহলে এখন থেকে কীভাবে প্রবৃদ্ধিকে কাজে লাগানো যায় সে পথ খুঁজে বের করতে হবে।"
দারিদ্র বিমোচনের জন্য হালনাগাদ তথ্যপ্রাপ্তির ওপর জোর দিয়ে তিনি বলেন, "সরকার প্রতিবছর দারিদ্র্য বিমোচনে প্রচুর টাকা খরচ করে থাকে। কিন্তু সেই টাকা নানা জায়গায় 'ফিল্টার' হয়ে প্রকৃত অর্থে কতোটা দারিদ্র্য বিমোচনে ব্যয় হচ্ছে তার একটি অডিট হওয়া প্রয়োজন। ২০০৫ সালের পর আমাদের এখানে কোনো খানা জরিপ হয়নি। হালনাগাদ তথ্য-উপাত্তের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে।"
সালেহউদ্দিন আহমেদ বলেন, "নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। তারাই নতুন পিআরএসপি বাস্তবায়ন করবে। সে কারণে নতুন পিআরএসপি প্রণয়নে রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে পিআরএসপি বাস্তবায়নের বিষয়ে দিক-নির্দেশনা থাকলে ভালো হয়।"
মোস্তাফিজুর রহমান বলেন, "প্রথম পিআরএসপি দারিদ্র্য বিমোচনে কতটা অবদান রেখেছে তা দ্বিতীয় খসড়া পিআরএসপি দলিলে উল্লেখ করা হয়নি। নতুন পিআরএসপিতে দারিদ্র্য নিরসনে কী কৌশল গ্রহণ করা হবে সে ব্যাপারেও পরিষ্কার করে কিছু বলা হয়নি।"
পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু পয়েন্ট ভিত্তিতে গত ফেব্র"য়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১৬ শতাংশ। ২০০৫ সালের ফেব্র"য়ারিতে ছিল ৬ দশমিক ৩৮ শতাংশ। ২০০৬ সালের ফেব্র"য়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৭২ শতাংশ। আর গত বছরের (২০০৭ সাল) ফেব্র"য়ারিতে এ হার ছিল ৭ দশমিক ২৮ শতাংশ।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের জুলাই মাসে তিন বছর মেয়াদি প্রথম পিআরএসপি গ্রহণ করা হয়। চলতি জুনে এর মেয়াদ শেষ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/জিএনএ/১৯৪২ ঘ.
bdnews24