২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়ানো প্রয়োজন: সালাহউদ্দিন আহমেদ

পুঁজিবাজারের উন্নয়নে মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান। বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমানোর পক্ষেও মত দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারের উন্নয়নে মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান। বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমানোর পক্ষেও মত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় (মিট দ্যা প্রেস) সভায় তিনি বলেন, "বর্তমানে পুঁজিবাজারে ১৪টি মিউচয়াল ফান্ড রয়েছে। কিন্তু এই সংখ্যা যথেষ্ট না হওয়ায় পুঁজিবাজারে স্থিতিশীলতা আসছে না। বাজারের মোট বিনিয়োগের ৪০ থেকে ৫০ শতাংশ যখন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হবে তখন বোঝা যাবে বাজারে স্থিতীশীলতা এসেছে।" বর্তমানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বাজারের ১০ থেকে ১২ শতাংশ বিনিয়োগ হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, "ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা প্রথমে এসে বাজারের অবস্থা বুঝতে পারেন না। তারা যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে ঝুঁকি অনেক কমে যায়।" কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমানো উচিৎ মন্তব্য করে তিনি বলেন, "কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। বিনিয়োগকারীদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ।" ট্রেজারি বন্ডের ব্যাপারে ডিএসই'র প্রধান নির্বাহী বলেন, "ঢাকার পুঁজিবাজারে ৮৪টি ট্রেজারি এবং মাত্র একটি করপোরেট বন্ড রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশান অনুযায়ী, যার কাছ থেকে বন্ড কিনতে হবে আবার তার কাছেই তা বিক্রি করতে হবে। এখানে বিক্রেতার স্বাধীনতা থাকছে না। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলে পুঁজিবাজার শক্তিশালী হবে।" বাজারের আটটি 'ডিবেঞ্চারের' সবগুলোই খেলাপি বলে জানান তিনি। বাজারকে শক্তিশালী করার জন্য ভাল প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "অনেকে বলেন, করের হার বেশি হওয়ায় ভালো প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে আসতে চায় না। এ অভিযোগও খতিয়ে দেখা দরকার।" বাজার বহুমূখীকরণের ব্যাপারে সালেহউদ্দিন আহমেদ বলেন, "বর্তমানে বাজারের মোট পূঁজির ৫২ দশমিক ২৩ শতাংশ নিয়ন্ত্রণ করে ব্যাংকিং খাত। আর মিউচুয়াল ফান্ডের অবদান মাত্র দুই শতাংশ। বাজার যদি কোনো একটি নির্দিষ্ট খাতের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, আর ওই খাতে যদি কোনো সঙ্কট দেখা দেয়, তাহলে পুরো বাজারই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই অন্যান্য খাতকেও উৎসাহিত করতে হবে।" প্রধান নির্বাহী বলেন, "পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড ১৫ শতাংশের কম কর রাখবে বলে আশা করছি আমরা।" পুঁজিবাজারের উন্নয়নে ডিএসইকে আরো শক্তিশালী ও কার্যকর করার আশ্বাস দিয়ে ডিএসই সভাপতি আব্দুল হক বলেন, "আসন্ন বাজেট বিনিয়োগবান্ধব হবে বলে আশা করছি আমরা।" বিনিয়োগকারীদের জন্য বাজেটে দ্বিমুখী করনীতি শিথিল করার আহ্বান জানিয়ে ডিএসই'র সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জানান, বাজারে যে পরিমাণ বিনিয়োগ আসছে, সে পরিমাণ নতুন শেয়ার (আইপিও) আসছে না। অনুষ্ঠানে জানানো হয়, ডিএসইতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মুলধনের পরিমাণ ৩৯৯ কোটি টাকা। আর ডিএসই বাজার মূলধনের পরিমাণ ১৩৩৫ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/জেকে/