ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একটি সমন্বিত কর্ম-পরিকল্পনা নেওয়ার জন্য বস্ত্র খাতের সঙ্গে জড়িত সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। একইসঙ্গে এ শিল্পে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের প্রাথমিক বস্ত্র খাতের সর্ববৃহৎ প্রদর্শনী টেক্সবাংলা-২০০৮ উদ্বোধন করেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দীন আহমেদ বলেন, "তীব্র প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্ববাজারে টিকে থাকতে হলে আমাদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর কোনও বিকল্প নেই। আর এ লক্ষ্যে বস্ত্র খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই মিলে একটি সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়ন করলে সবাই উপকৃত হবে।"
তিনি বলেন, "শিল্প উৎপাদনের ক্ষেত্রে ক্রমাগত দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমানো ছাড়া বর্তমান বিশ্ববাজারে পর্যাপ্ত প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এছাড়া বস্ত্রখাতের নানাবিধ কমপ্লায়েন্স শর্তাবলিও আগামী দিনে বস্ত্র বাণিজ্যকে দারুণভাবে প্রভাবিত করবে। সে কারণে এখন থেকেই এ সব বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পণা গ্রহণ করতে হবে। আর এ জন্য ধারাবাহিকভাবে নিত্য-নতুন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারও অপরিহার্য।"
প্রাথমিক বস্ত্র খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার নানা ধরনের প্রণোদনা দিয়ে আসছে জানিয়ে প্রধান উপদেষ্টা এ সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।
তিনি বলেন, "কর্মসংস্থানের দিক থেকে কৃষি খাতের পরেই এ খাতের অবস্থান। সরকারের দেওয়া সুযোগ-সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে আরও মনোযোগী হতে হবে।"
বস্ত্রখাতে শ্রমিক কল্যাণ নিশ্চিত করাসহ প্রাসঙ্গিক সব বিষয়ে দৃষ্টি রাখার জন্য প্রধান উপদেষ্টা এ শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "পোশাক শিল্পে কর্মরত মানবসম্পদ তথা শ্রমিকদের কল্যাণের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। ৮০'র দশকের মাঝামাঝি সময়ে তৈরী পোশাক খাতে মোট শ্রমিকের সংখ্যা ছিল মাত্র এক লাখ। বর্তমানে এ শিল্পে ২৫ লাখ শ্রমিক কাজ করছে, যাদের ৮৫ শতাংশই নারী। বিভিন্ন শিল্প-কলকারখানায় কর্মরত মোট শ্রমিকের এক-তৃতীয়াংশই এখন গার্মেন্টসে কাজ করছে। সব উদ্যোক্তাকে আমি শ্রমিক কল্যাণ নিশ্চিত করাসহ প্রাসঙ্গিক সব বিষয়ে যথাযথ নজর দেওয়ার আহ্বান জানাব।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "বিগত আড়াই দশক ধরে তৈরী পোশাক খাত থেকে অর্জিত আয় ও দেশের মোট রপ্তানিতে এর অবদান অব্যাহতভাবে বেড়েছে। প্রাথমিক বস্ত্র খাত এখন দেশের নিট পোশাক শিল্পের মোট চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ কাঁচামাল যোগান দিচ্ছে। এর ফলে দেশে সূতা আমদানি অনেক হ্রাস পেয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপও অনেক কমেছে।"
প্রধান উপদেষ্টা বাজার অর্থনীতির বিভিন্নমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় বস্ত্র শিল্পের সব উপ-খাতের মধ্যে যথাযথ সমন্বয়ের ওপর জোর দেন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও বিটিএমএ সভাপতি আব্দুল হাই সরকার বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪১৫ ঘ.
bdnews24